29 C
Kolkata
Monday, November 16, 2026
spot_img

দামোদরের ‘দুঃখ’ ঘোচাতে আরতি, সপ্তাহে একদিন ঘাটে বসবে সানাইয়ের আসর! বড় ঘোষণা অগ্নিমিত্রার!

Aaj India Desk, পশ্চিম বর্ধমান : দামোদর নদীকে ঘিরে একসময় ছিল বন্যার আতঙ্ক, আবার কখনও জলসংকটে ভুগেছেন এলাকার মানুষ। সেই ‘দুঃখের নদী’কেই এবার নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের। শুধু ছটপুজোর সময় নয়, বছরের প্রতিটি দিন যাতে আসানসোলের দামোদর ঘাট হয়ে ওঠে শহরবাসীর অবসর ও শরীরচর্চার অন্যতম ঠিকানা, সেই লক্ষ্যেই একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ঘাটে হবে নিয়মিত আরতি, সকাল-সন্ধ্যায় বাজবে সানাই। পাশাপাশি থাকবে আলো, পরিচ্ছন্ন রাস্তা এবং পাখিদের খাবারের ব্যবস্থাও।

সোমবার ছটপুজো উপলক্ষে নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোলের ঘাটগুলির উন্নয়ন পরিকল্পনার কথা জানান তিনি। অগ্নিমিত্রার দাবি, আসানসোলের প্রায় ২০০টিরও বেশি ঘাটে ইতিমধ্যেই একাধিক পরিকাঠামোগত কাজ করা হয়েছে। ঘাটগুলিতে তৈরি করা হয়েছে চেঞ্জিং রুম, বায়ো টয়লেট, আলোর ব্যবস্থা এবং জরুরি যোগাযোগের নম্বর। পাশাপাশি ঘাটের চারপাশের রাস্তা পরিষ্কার রাখা ও চলাচলের উপযোগী করার উপরেও জোর দেওয়া হয়েছে।

দামোদর নদীকে ঘিরে এবার বিশেষ পরিকল্পনা নিয়েছে প্রশাসন। ছটপুজো উপলক্ষে দামোদর ঘাটে আরতির আয়োজন করা হয়েছে। অগ্নিমিত্রা (Agnimitra Paul) বলেন, দামোদরকে একসময় ‘দুঃখের নদী’ বলা হত। সেই নদীতেই এখন শঙ্খধ্বনি, পুজো এবং আরতির মাধ্যমে নতুন পরিবেশ তৈরি হয়েছে। এই উদ্যোগকে শুধু ছটপুজোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। অগ্নিমিত্রার পরিকল্পনা, আসানসোলের ঘাটগুলিতে সপ্তাহে অন্তত একদিন নিয়মিত আরতির আয়োজন করা হবে।

তবে ঘাট সাজানোর পরিকল্পনা শুধু আরতিতেই সীমাবদ্ধ নয়। নদীর পাড়কে শহরবাসীর কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর ঘোষণা অনুযায়ী, ঘাটের রাস্তাগুলি নতুন করে তৈরি করা হবে। বসানো হবে ছোট ছোট আলো। গাছে পাখিদের জন্য খাবারের ব্যবস্থাও করা হবে। সবচেয়ে আকর্ষণীয় পরিকল্পনা হল, সকাল ও সন্ধ্যায় ঘাটে হালকা সানাইয়ের সুর বাজানোর ব্যবস্থা। এজন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মীও রাখা হবে, যাঁর কাজ হবে নির্দিষ্ট সময়ে সানাই বাজানো। ফলে সকালে বা বিকেলে দামোদরের পাড়ে হাঁটতে আসা মানুষ মনোরম পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।

ছটপুজোকে কেন্দ্র করে শুরু হওয়া ঘাটের পরিকাঠামো উন্নয়নকে স্থায়ী রূপ দিতে চাইছে প্রশাসন। তবে ঘোষিত প্রকল্পগুলির কতটা এবং কবে বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর শহরবাসীর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন