Aaj India Desk, কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পরিবারের নাত জামাই। অথচ জীবনের কঠিন সময়ে চরম আর্থিক সংকটের মুখে অভিনেতা শরদ কাপুর (Sharad Kapoor)! অসুস্থতা, চিকিৎসার খরচ এবং নিত্যদিনের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন একসময়ের পরিচিত এই অভিনেতা। তাঁর এমন দুর্দশার খবর প্রকাশ্যে আসতেই ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা এবং ‘মসিহা’ সোনু সুদ। শরদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
শরদ কাপুরের (Sharad Kapoor) শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি উদ্বেগ ছড়িয়েছে। গত দু’-তিন বছর ধরে অসুস্থতার কারণে প্রায় শয্যাশায়ী তিনি। চলাফেরার জন্যও অন্যের সাহায্য নিতে হচ্ছে। চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধের খরচ জোগাড় করতেও সমস্যায় পড়ছেন অভিনেতা। শরদের এক বন্ধুর দাবি, তাঁর হাতে নেই কোনও বিলাসবহুল বাংলো কিংবা বিপুল ব্যাঙ্ক ব্যালান্স। এমনকী কখনও কখনও খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। কাজের সুযোগের আশাতেই এখন ইন্ডাস্ট্রির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
সম্প্রতি পা ভেঙে যাওয়ায় নিজের পোষ্যদের দেখাশোনা করতে পারছিলেন না শরদ (Sharad Kapoor)। তাদের কষ্টের কথা ভেবে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই সংস্থার প্রকাশ করা একটি ভিডিও থেকেই অভিনেতার বর্তমান শারীরিক ও আর্থিক পরিস্থিতির কথা সামনে আসে। এরপরই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা।
শরদ কাপুরের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তাঁর স্ত্রী কোয়েল বসু প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি। কোয়েল হলেন জ্যোতি বসুর পুত্র চন্দন বসু এবং অভিনেত্রী ডলি বসুর কন্যা।২০০৬ সালের ৩ ডিসেম্বর শরদ ও কোয়েলের বাগদান হয়। কলকাতার ওবেরয় গ্র্যান্ড হোটেলে তাঁদের পরিচয় এবং সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন কোয়েল। সম্প্রতি শরদের অসুস্থতা ও আর্থিক সংকটের খবর সামনে আসার পর তাঁর বর্তমান অবস্থান এবং দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে শরদ নিজে কোনও মন্তব্য করেননি।
অভিনেতার দুর্দশার খবর প্রকাশ্যে আসতেই এগিয়ে এসেছেন সোনু সুদ। শরদের সঙ্গে দেখা করে তাঁকে জড়িয়ে ধরেন তিনি। এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। উল্লেখ্য, করোনা অতিমারির সময় থেকে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিতি পেয়েছেন সোনু।
একসময়ের পরিচিত অভিনেতা শরদ কাপুরের এমন পরিস্থিতি বিনোদন জগতেও নতুন করে প্রশ্ন তুলেছে। দীর্ঘদিন কাজের বাইরে থাকা এবং অসুস্থতার কারণে কীভাবে ক্রমশ কঠিন হয়ে উঠেছে তাঁর জীবন, এখন সেই দিকেই নজর অনুরাগীদের।


