কলকাতা: দেবীর চোখের দিকে একবার তাকালে নাকি সহজে চোখ ফেরানো যেত না। বলির সময় আচমকাই ঝুঁকে পড়ত প্রতিমা। বিস্ফারিত চোখে যেন স্বয়ং দেবী দেখছেন বলির দৃশ্য! এমনই এক আশ্চর্য জনশ্রুতি আজও বেঁচে রয়েছে উত্তর কলকাতার সিমলা অঞ্চলের কাঁসারিপাড়ার জগদ্ধাত্রী পুজোয় (Jagaddhatri Puja)। ভক্তদের কাছে তিনি ‘বুড়োমা’। শুধু একটি প্রতিমা নন, কয়েক প্রজন্মের বিশ্বাস, আবেগ ও বিস্ময়ের এক জীবন্ত প্রতীক।
বিধান সরণির শ্রীমাণি বাজারের কাছে সরু গলি পেরিয়ে বারো ঘর উঠোনের মধ্যে দোতলা মন্দির। সেখানেই অধিষ্ঠিত কংসবণিক সম্প্রদায়ের আরাধ্যা দেবী। টানা দিঘল চোখ, গা ভর্তি সোনার গয়না আর অষ্টমীর বিকেলে নাকে হিরের নথ, মায়ের সাজের জৌলুসে মুগ্ধ হন দূরদূরান্ত থেকে আসা ভক্তরা। কলকাতার বাইরেও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা পুজোর টানে ফিরে আসেন। কেউ আসতে না পারলেও বিদেশ থেকেই পাঠান পুজোর সামগ্রী।
এই পুজোকে ঘিরে রয়েছে আরও এক বিস্ময়কর কাহিনি। একসময় মায়ের (Jagaddhatri Puja) সামনে খাঁড়া হাতে বলি দিতেন বিপুলদেহী ভীম। নিজের শক্তি নিয়ে একবার তাঁর মনে জন্মেছিল প্রবল অহংকার। কথিত আছে, সেই অহংকারের পরিণতিতেই একদিন তিনি আর খাঁড়া তুলতে পারেননি। পরে অসুস্থও হয়ে পড়েন। স্বপ্নে দেবী নাকি তাঁকে বলেছিলেন, ‘এত গর্ব কীসের তোর!’ আজও প্রবীণদের মুখে মুখে ফেরে সেই কাহিনি।
কোষাধ্যক্ষ পুষ্পেন্দু পালের কথায়, ছোটবেলায় তাঁরা নিজেরাই দেখেছেন বলির সময় মায়ের প্রতিমা ঝুঁকে পড়ার দৃশ্য। সেই বিশ্বাস থেকেই প্রতিমাকে পিছন থেকে বেঁধে রাখার রীতি। বর্তমানে অবশ্য গলায় বিপুল মালার ভার সামলাতেও দড়ি ব্যবহার করা হয়।
পুকুরপাড়ে হোগলা পাতার বেড়া দেওয়া মন্দির থেকে আজকের স্থায়ী মন্দির, সময় বদলেছে, বদলেছে পুজোর (Jagaddhatri Puja) আয়োজন। তবে পারিবারিক ঐতিহ্য অটুট। এই পুজোয় কংসবণিক পরিবারের সদস্যদের বাইরে কারও কাছ থেকে চাঁদা নেওয়ার রীতি নেই।
পুজোর বয়স নিয়েও রয়েছে মতভেদ। কারও মতে আড়াইশো বছর, কারও হিসাবে প্রায় তিন শতক। কিন্তু সঠিক বয়সের হিসাবের চেয়েও বড় হয়ে উঠেছে মানুষের বিশ্বাস। কারণ, বুড়োমার কাছে সময় যেন থমকে থাকে। প্রজন্ম বদলায়, ঠিকানা বদলায়, মানুষ ছড়িয়ে পড়েন পৃথিবীর নানা প্রান্তে, তবু উৎসবের দিন সকলের মন ফিরে আসে সেই পুরনো উঠোনে, মায়ের দিঘল চোখের সামনে।


