Aaj India Desk, কলকাতা: আদালতে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। তাঁর রক্ষাকবচ চেয়ে করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। দুই পক্ষের বক্তব্য শোনার পর সুমিতের আর্জি গ্রহণ করেননি বিচারপতি।
জানা গিয়েছে, সুমিতের বিরুদ্ধে একটি মামলায় ইতিমধ্যেই গ্রেফতারির পর বাকি চারটি মামলায় তাঁকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘শোন অ্যারেস্ট’। অর্থাৎ, কোনও ব্যক্তি একটি মামলায় হেফাজতে থাকলেও অন্য মামলায় তাঁকে আলাদা করে গ্রেফতার দেখানো যায়। এই চারটি মামলায় যাতে তাঁকে নতুন করে গ্রেফতার করার আগে হাইকোর্টের অনুমতি নেওয়া হয়, সেই আবেদনই জানিয়েছিলেন সুমিতের আইনজীবীরা।
বৃহস্পতিবার আদালতে সুমিতের হয়ে সওয়াল করেন আইনজীবী শঙ্করনারায়ণ ও অয়ন ভট্টাচার্য। তাঁদের দাবি ছিল, চারটি মামলাতেই সুমিতকে রক্ষাকবচ দেওয়া হোক। অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এই আবেদনের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, গত ১০ সেপ্টেম্বর শীর্ষ আদালতই শোন অ্যারেস্টের ক্ষেত্রে সুরক্ষার আবেদন খারিজ করে দিয়েছিল। এমন পরিস্থিতিতে সুমিতকে নতুন করে রক্ষাকবচ দেওয়ার কোনও কারণ নেই।
দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এই মুহূর্তে রক্ষাকবচ দেওয়ার আর কোনও কার্যকরী প্রয়োজন নেই। তাই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না। পাশাপাশি, মামলার বিষয়ে একক বেঞ্চে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, শালবনিতে জমি দুর্নীতির মামলায় আগেই গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। গত ১০ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করে সিআইডি। ওই দিন শীর্ষ আদালতের রায় প্রকাশ্যে আসার পরই সুমিতকে গ্রেফতার করতে কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় বলে জানা যায়। পরে কিছুক্ষণ কথা কাটাকাটির পর বাড়ির ভিতরে ঢোকে সিআইডি। সেখান থেকেই গ্রেফতার করা হয় সুমিত রায়কে।


