Aaj India Desk, নয়াদিল্লি: বাংলাদেশে (Bangladesh) যেন থামছেই না অশান্তি! রাতের অন্ধকারে ফের ঢাকার (Dhaka) রাস্তায় একের পর এক বাসে আগুন। মঙ্গলবার রাতেই রাজধানী ঢাকার চারটি পৃথক এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, শহরের বিভিন্ন জায়গায় ককটেল বোমা বিস্ফোরণের খবরও সামনে এসেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনাগুলিতে কারও মৃত্যুর বা আহত হওয়ার খবর মেলেনি।
বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাত ৯টা থেকে ১২টার মধ্যে পল্লবী, মহাখালী, বাড্ডা এবং রামপুরা এলাকায় চারটি বাসে আগুন লাগানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পল্লবী এলাকায় রাস্তার ধারে দাঁড় করানো একটি বাসে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এর কিছুক্ষণ পর, রাত প্রায় ৯টা ২০ মিনিট নাগাদ মহাখালী এলাকায় আরও একটি যাত্রীবাহী বাসে আগুন লাগানো হয়। অভিযোগ, গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় বাসটিকে নিশানা করে দুষ্কৃতীরা। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর রাত ১০টা নাগাদ বাড্ডা এলাকায় ঘটে একই ধরনের ঘটনা। অভিযোগ, যাত্রী সেজে বাসে ওঠা দুই ব্যক্তি আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। রাত ১১টা ১৫ মিনিট নাগাদ রামপুরা এলাকায় আরও একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সময় বাসে যাত্রী থাকলেও তাঁরা দ্রুত নেমে আসায় বড় কোনও বিপদ ঘটেনি।
বাসে আগুন লাগানোর পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মহম্মদপুর, যাত্রাবাড়ি-সহ একাধিক জায়গায় ককটেল বোমা ফাটানো হয়েছে বলে খবর। এর মধ্যেই গোপালগঞ্জে বিএনপির এক সাংসদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে। গত সোমবার টুঙ্গিপাড়া থানাতেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সব মিলিয়ে গত দশ দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যানবাহনে আগুন, বিস্ফোরণ এবং হামলার একাধিক ঘটনা ঘটেছে।
কিন্তু হঠাৎ কেন উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ? এর পিছনে কি রয়েছে রাজনৈতিক সমীকরণ?
২০২৪ সালে ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। প্রায় আড়াই বছর পর আগামী ডিসেম্বর মাসে তিনি দেশে ফিরতে পারেন, এমন জল্পনা ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও তাঁর প্রত্যাবর্তন নিয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। অন্যদিকে, বাংলাদেশে আওয়ামি লিগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে বলে খবর। ফলে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন করে অশান্তির আগুন ছড়াচ্ছে কি না, তা নিয়ে বাড়ছে জল্পনা।


