Aaj India Desk, নয়াদিল্লি: ডিজিটাল পেমেন্টের (Digital Payment) ক্ষেত্রে আগামী ১৫ অক্টোবর থেকে বদল আসতে চলেছে। ইউপিআই (UPI)-তে ২,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে নতুন করে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) কার্যকর হবে। সাধারণ মার্চেন্টদের জন্য এই হার ০.৪ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে রেলের টিকিট বুকিংকে (Rail Ticket Booking) রাখা হয়েছে আলাদা একটি বিশেষ ক্যাটেগরিতে।
নতুন নিয়মে ইউটিলিটি, জ্বালানি, টেলিকম এবং বিমার মতো প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে রেল পরিষেবাকেও বিশেষ ক্যাটেগরিতে রাখা হয়েছে। ফলে ২,০০০ টাকার বেশি মূল্যের রেলের টিকিট UPI-এর মাধ্যমে কাটলে মার্চেন্টের জন্য সর্বোচ্চ ৫ টাকা ফ্ল্যাট MDR নির্ধারণ করা হয়েছে।
এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—এই ৫ টাকা যাত্রীকে দিতে হবে না। অর্থাৎ, আপনি যদি IRCTC-এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে UPI ব্যবহার করে ৩,০০০ টাকার ট্রেনের টিকিট কাটেন, আপনার অ্যাকাউন্ট থেকে ৩,০০৫ টাকা কাটা হবে না। কাটা হবে শুধু টিকিটের আসল দাম, অর্থাৎ ৩,০০০ টাকা। কারণ MDR-এর খরচ বহন করার দায়িত্ব মার্চেন্ট বা পরিষেবা প্রদানকারীর। নিয়ম অনুযায়ী এই অতিরিক্ত খরচ সরাসরি যাত্রীর ওপর চাপিয়ে দেওয়া যাবে না। ফলে এই ক্ষেত্রে রেলওয়ে, IRCTC এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিই MDR-এর খরচ বহন করবে।
অন্যদিকে, সাধারণ দোকান বা অন্যান্য মার্চেন্টের ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে ০.৪ শতাংশ পর্যন্ত MDR কার্যকর হতে পারে। তবে রেলের মতো বিশেষ পরিষেবার ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি লেনদেন যতই হোক, মার্চেন্টের জন্য নির্ধারিত MDR থাকবে ফ্ল্যাট ৫ টাকা।


