31 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

‘বিদেশিনীর আগুন’ দেখিয়ে দিল ফাঁকফোকর? তারাপীঠে ফায়ার অডিটের পর একসঙ্গে ১৫ হোটেলে তালা!

বীরভূম: সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানির পর রাতারাতি বদলে গিয়েছে তারাপীঠের চেনা ছবি (Tarapith Hotel Fire)! একদিকে আগুনের আতঙ্ক, অন্যদিকে প্রশাসনের কড়া পদক্ষেপ। ফায়ার অডিটে একাধিক বেনিয়ম সামনে আসার পর একসঙ্গে তারাপীঠের ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আর এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে কৌশিকী অমাবস্যা। ১০ সেপ্টেম্বর লক্ষ লক্ষ ভক্তের সমাগমের আগে হোটেলগুলির নিরাপত্তা নিয়ে জোর তৎপরতা প্রশাসনের।

ভয়াবহ অগ্নিকাণ্ডের (Tarapith Hotel Fire) পর মঙ্গলবার জরুরি বৈঠকে বসে জেলা প্রশাসন। অডিট কমিটি গঠন থেকে শুরু করে তারাপীঠের হোটেলগুলির অগ্নিনিরাপত্তা, একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রামপুরহাটের মহকুমাশাসক অশ্বিনী বি রাঠোর জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অডিট কমিটি তৈরি হয়েছে। তাঁর কথায়, কৌশিকী অমাবস্যার আগে ভক্তদের নিরাপত্তাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

এরপরই সামনে আসে আরও বড় তথ্য। ফায়ার সেফটি, দূষণ নিয়ন্ত্রণ থেকে বিদ্যুৎ, একাধিক ক্ষেত্রে বেনিয়ম ধরা পড়েছে ১৫টি হোটেলে। প্রশাসনের দাবি, আগে থেকেই হোটেলগুলিকে সতর্ক করা হয়েছিল। কিন্তু অভিযোগ, তারপরেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার সরাসরি নোটিস দিয়ে বন্ধের নির্দেশ। তবে প্রশাসনের এই পদক্ষেপ একেবারে নজিরবিহীন নয়। মহকুমাশাসকের দাবি, গত মাসেও তারাপীঠের ৮টি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

আগুনের পর ‘ফাঁকা’ তারাপীঠ!

এদিকে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি পর্যটকদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। সোমবার রাত থেকেই যেন ফাঁকা হতে শুরু করেছে তারাপীঠ। যাঁদের বুধবার বা বৃহস্পতিবার পর্যন্ত হোটেল বুকিং ছিল, তাঁদের অনেকেই নির্ধারিত সময়ের আগেই ঘর ছেড়ে বাড়ির পথে।

পর্যটকদের আশঙ্কা আরও বড় জায়গায়। তাঁদের বক্তব্য, যে হোটেলে আগুন লেগেছিল, তার সামনে কিছুটা খোলা জায়গা থাকলেও এত প্রাণহানি হয়েছে। অথচ তারাপীঠের বহু হোটেল একেবারে গায়ে গায়ে লাগানো। ফলে কোনও একটি হোটেলে আগুন লাগলে মুহূর্তের মধ্যে পাশের হোটেলগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে (Tarapith Hotel Fire)। এই আতঙ্কেই অনেকে বুকিং বাতিল করছেন। পুজো দিতে এসে যেন আতঙ্কের রাত কাটাতে না হয়, সেই আশঙ্কায় দ্রুত বাড়ি ফিরতে চাইছেন পর্যটকদের একাংশ।

সামনে কৌশিকী অমাবস্যা, তার আগেই ‘ফায়ার টেস্ট’

সবচেয়ে বড় প্রশ্ন এখন কৌশিকী অমাবস্যাকে ঘিরে। প্রতিবছর এই সময় দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্তের ভিড় হয় তারাপীঠে। সেই ভিড়ের আগে হোটেলগুলির নিরাপত্তা কতটা নিশ্চিত, তা খতিয়ে দেখতেই এবার জোরদার অডিট। ৯ প্রাণের বলির পর ১৫ হোটেলে তালা, কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে প্রশাসনের ‘সেফটি অ্যালার্ট’ যে এবার আরও কড়া, তা স্পষ্ট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন