ঢাকা: ঢাকা থেকে গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে ফরিদপুর! অগ্নিসংযোগ, বিস্ফোরণ, সংঘর্ষ ও প্রাণহানিতে ক্রমশ জটিল হচ্ছে বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন করে হিংসার আগুন ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি ফের বড়সড় রাজনৈতিক অস্থিরতার মুখে দাঁড়িয়ে?
মঙ্গলবার রাতের একের পর এক ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে রাজধানী ঢাকা-সহ একাধিক জেলায়। সূত্রের খবর, রাত সাড়ে ৮টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় অন্তত চারটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাজধানীর একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানো হয় ককটেলের। যদিও বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি (Bangladesh)।
তবে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নেয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। হাসিনার রাজনৈতিক দুর্গ বলে পরিচিত এই এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতারের পর তাঁদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, বিক্ষোভকারীরা একপর্যায়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাশের পুলিশ ব্যারাকেও আগুন লাগানোর খবর সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়।
শুধু তাই নয়, গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অন্যদিকে, পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারিয়েছেন কৃষক দলের স্থানীয় নেতা রাজু মোল্লা। ফলে রাজনৈতিক সংঘাতের আঁচ আরও তীব্র হয়েছে।
এই অগ্নিগর্ভ পরিস্থিতির নেপথ্যে রয়েছে আরও বড় রাজনৈতিক সমীকরণ। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, ডিসেম্বরেই ভারতে নির্বাসন থেকে বাংলাদেশে (Bangladesh) ফিরতে চান তিনি। এমনকী, দেশে ফেরার ক্ষেত্রে গ্রেফতার বা মৃত্যুর ঝুঁকি থাকলেও পিছিয়ে আসতে রাজি নন বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। ২০২৫ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। যদিও সেই অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার বৈধতা অস্বীকার করেছেন হাসিনা।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তাঁর বক্তব্য, থানা আক্রমণ, পুলিশকর্মীদের উপর হামলা, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িতদের ছবি, ভিডিও এবং অডিও ফুটেজ খতিয়ে দেখে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে, রাজনৈতিক দলগুলিকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতারা।
সব মিলিয়ে ডিসেম্বরের আগেই বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে হাসিনার দেশে ফেরার ঘোষণা, অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ঘিরে উদ্বেগ, তার উপর একের পর এক অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।
সবচেয়ে বড় প্রশ্ন, ডিসেম্বর কি বাংলাদেশের রাজনীতিতে নতুন সংঘাতের সূচনা করবে, নাকি তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে প্রশাসন? গোটা অঞ্চলের নজর এখন ঢাকার পরবর্তী পদক্ষেপের দিকে।


