Aaj lndia Desk, নয়াদিল্লি: নিট (NEET) প্রশ্নফাঁসকে ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্ক, ছাত্র-ছাত্রীদের টানা আন্দোলন এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্নের আবহে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। সোমবার সংসদে পেশ হতে চলেছে ‘পাবলিক এগজ়ামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। সরকারের দাবি, এই সংশোধনী আইনের লক্ষ্য হল প্রশ্নফাঁস, পরীক্ষায় কারচুপি এবং সংগঠিত জালিয়াতি চক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া।
প্রস্তাবিত বিলে প্রশ্নফাঁসকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেউ এই অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি যাতে বছরের পর বছর মামলা ঝুলে না থাকে, তার জন্য ফাস্ট ট্র্যাক আদালতে চার মাসের মধ্যে বিচার শেষ করার প্রস্তাবও রাখা হয়েছে।
শুধু প্রশ্নফাঁসকারীদের নয়, উত্তরপত্রে কারচুপি, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন ছড়ানো, কম্পিউটার হ্যাকিং বা এই ধরনের অপরাধে কোনও কোচিং সংস্থা কিংবা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে সরকার নন্দন নিলেকানির নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্সও গঠন করেছে। এই কমিটিতে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, প্রাক্তন আইবি প্রধান তপন ডেকা এবং আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটির মতো বিশেষজ্ঞরা রয়েছেন। এছাড়াও এনটিএ-র একাধিক আধিকারিকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এই বিল নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা। তাদের দাবি, শুধু শাস্তির পরিমাণ বাড়ালেই হবে না, পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতির মূল উৎস চিহ্নিত করে তা বন্ধ করতে হবে। আন্দোলনকারী পড়ুয়াদের উপর পুলিশের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। ফলে বিলটি সংসদে পেশ হওয়ার পর তা নিয়ে উত্তপ্ত আলোচনা হওয়ার সম্ভাবনাই বেশি।


