কলকাতা: যাঁর মুখে হাসি লেগেই থাকে, যিনি কথায় কথায় গান বাঁধেন, যাঁর উপস্থিতিতে জমে ওঠে আড্ডা, সেই ঝিলম গুপ্তার (Jhilam Gupta) জীবনেই এখন বিষাদের সুর! বাইরে থেকে হাসিখুশি থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে যে কতটা ভেঙে পড়েছেন, তা যেন প্রকাশ্যে আনল তাঁর সাম্প্রতিক ফেসবুক পোস্ট। লিখলেন, ‘চোখ ফেটে জল আসে। নিজেকে বড় অসহায় মনে হয়।’ তাহলে কি মানসিক অবসাদ গ্রাস করছে জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সরকে?
ঝিলমের (Jhilam Gupta) গত কয়েক মাসের দিকে তাকালে বোঝা যায়, সময়টা মোটেই সহজ যাচ্ছে না। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা ২০২৬’-এ প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ৪৩ দিন পরই শো থেকে বেরিয়ে আসতে হয় তাঁকে। কারণ, পিত্তথলিতে বড় পাথর এবং শারীরিক অসুস্থতা। চিকিৎসকদের পরামর্শে শো ছাড়ার পর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারও হয় তাঁর। ধীরে ধীরে সুস্থ হয়ে কাজে ফিরেছেন ঝিলম। কিন্তু শরীরের ক্ষত সারলেও মনের ক্ষত যেন কিছুতেই সারছে না!
কেন এমন পরিস্থিতি? ঝিলমের (Jhilam Gupta) অভিযোগ, বিগ বসে অংশ নেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে লাগাতার কটাক্ষ ও ঘৃণার মুখে পড়তে হচ্ছে। তাঁর ভিডিয়োর কমেন্টে কেউ তাঁর জন্মকে পাপ বলছেন, কেউ আবার প্রকাশ্যে মৃত্যু কামনা করছেন! ঝিলমের প্রশ্ন, একটি রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়া ছাড়া তাঁর অপরাধটা কী?
তিনি আরও জানিয়েছেন, নিয়মিত উচ্চ রক্তচাপ ও হৃদ্যন্ত্রের ওষুধ খান। অস্ত্রোপচারের পরেও জীবিকার তাগিদে কাজ শুরু করেছেন। হাসিখুশি থাকার চেষ্টা করছেন। কিন্তু ক্রমাগত মানসিক আঘাতে বুঝতে পারছেন, মানসিক অবসাদ তাঁকে গ্রাস করতে শুরু করেছে। কাছের মানুষ থেরাপিস্টের পরামর্শ নিতেও বলেছেন তাঁকে (Jhilam Gupta)।
তবে এই অন্ধকারের মধ্যেই রয়েছে একটুকরো আলো। বাড়ি ফেরার পথে শ্রীরামপুরের পরিচিত রিকশাচালক কাজল কাকার স্নেহভরা খোঁজখবর মন ছুঁয়ে গিয়েছে ঝিলমের। তাঁর মনে হয়েছে, সবাই তাঁকে ঘৃণা করেন না। কিছু মানুষ আজও মন থেকে তাঁর ভালো চান।
যে মানুষটি এতদিন অন্যদের হাসিয়েছেন, আজ তাঁর মুখে হাসি ফেরানোর দায়িত্ব কি একটু হলেও আমাদের নয়? সোশ্যাল মিডিয়ায় মতের অমিল থাকতেই পারে, কিন্তু কাউকে মৃত্যুকামনা করা কি কখনও সমালোচনার ভাষা হতে পারে?


