কলকাতা: বারুইপুরে নাবালিকার গণধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় সমগ্র রাজ্য। ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছেন বিরোধী দলের অনেক নেতারাই। সোমবার মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু ৩ দিন পেরিয়ে গেলেও দেখা যায়নি তৃণমূলের একদা ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। ভিডিও কলেই নির্যাতিতার পরিবারের সঙ্গে বার্তালাপে ‘পাশে থাকার’ আশ্বাস দিয়েছেন তিনি।
কিন্তু স্বাভাবিকভাবেই আমজনতা ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কালীঘাট তৃণমূল যখন বারুইপুরের ঘটনার প্রতিবাদে রাস্তায়, তখন কেন দেখা যাচ্ছে না ‘যুবরাজ’-কে? রবিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ভিডিও কলে পরিবারের সদস্যদের আশ্বাস দিয়ে বলেন, “আমরা পাশে আছি। বিচার পেতে যা যা দরকার, সব করব। ধৈর্য রাখুন, আমাদের উপর ভরসা রাখুন। চেষ্টা করব একদিন গিয়ে আপনাদের সঙ্গে দেখা করার।” তবে এরপর আর তাঁকে বারুইপুরে যেতে দেখা যায়নি।
অন্যদিকে, কালীঘাট তৃণমূলের নেতা বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল-সহ একাধিক নেতা এলাকায় যান। মমতা বন্দ্যোপাধ্যায়ও কালীঘাটে মোমবাতি মিছিলে অংশ নেন। এই আবহে অভিষেকের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
রাজ্যের পালাবদলের পর অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে উঠে আসছে ভুরি ভুরি অভিযোগ। তদন্তকারীদের কাছে হাজিরা দিতে যাওয়া বর্তমানে অভিষেকের (Abhishek Banerjee) কার্যত রোজনামচায় পরিণত হয়েছে। সেইসঙ্গে, রাস্তাঘাটে ক্ষুব্ধ জনতার “ডিম থেরাপির”-ও শিকার হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি “ডিম থেরাপির” ভয়েই সশরীরে না গিয়ে ভিডিও কলের বার্তাতেই নির্যাতিতার ‘পরিবারের পাশে থাকা’ সীমাবদ্ধ রাখলেন যুবরাজ?


