Aaj India desk, কলকাতা: সফল ভাবে ভোট করানোর পর মুখ্যসচিব পদে নিযুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক (ceo) মনোজ কুমার। প্রশ্ন ছিল এবার নতুন মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব কে পাবেন? তালিকায় ছিল তিনজনের নাম। নীলম মীনা , তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। এর মধ্যে সবচেয়ে বেশি জল্পনা চলছিল নিলমকে নিয়েই। আজ ভারতীয় নির্বাচন কমিশন থেকে বেছে নিল নতুন নির্বাচনী আধিকারিক (ceo)।
কে হলেন নতুন নির্বাচনী আধিকারিক?
জল্পনা সত্যি করে রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিক (ceo) হলেন ১৯৯৮ ব্যাচের আইএএস নীলম মীনা। আদতে রাজস্থানের বাসিন্দা নীলম এর আগে হুগলির জেলা ম্যাজিস্ট্রেট এবং যুব ও পরিবেশ বিভাগে ঊর্ধ্বতন আমলা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাঁচ বছরের কেন্দ্রীয় ডেপুটেশনের সময় তিনি টি বোর্ড এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ে কাজ করেছেন। বর্তমানে তিনি উপভোক্তা বিষয়ক বিভাগের প্রধান সচিব হিসেবে কাজ করছিলেন। মূলত অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হল।
সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনকে দক্ষতার সাথে পরিচালনা করেছিলেন মনোজ কুমার। হিংসাহীন এই ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছিলেন। প্রশাসনিক মহল মনে করছে নতুন নির্বাচনী আধিকারিক (ceo) নিলমের প্রশাসনিক ভাবমূর্তি বেশ স্বচ্ছ। তাঁর অভিজ্ঞতা পরবর্তী নির্বাচনগুলিকে সফলভাবে পরিচালনা করবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মতো স্পর্শকাতর রাজ্যে ভোটার তালিকা সংশোধন, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনা করা এবং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় রক্ষা করা তাঁর কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে। নতুন দায়িত্ব পাওয়ার পর খুব শীঘ্রই তিনি কলকাতার ডেকার্স লেনের দপ্তরে যোগ দেবেন।


