কলকাতা: বিদ্রোহীদের দলে নাম লিখিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা বাংলা ছবির সুপারস্টার দেব (Dev)। সোমবার দিল্লিতে বিদ্রোহীদের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। একাধিক রিপোর্টে দাবী করা হয়, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নাকি তাঁর গাল টিপে দিয়েছিলেন। এই ঘটনার পর দেবের সমাজমাধ্যম পোস্ট এবং মঙ্গলবার শুভেন্দুর ডাকে কোলাঘাটের সভায় যোগদান—সব মিলিয়ে দেবের ‘পছন্দ’ প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যবাসীর কাছে।
সূত্রের খবর, মঙ্গলবার কোলাঘাটের সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে দেবের কথা হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের সামনে বলেন, লোকসভা নির্বাচনের সময় ঘাটালের সাংসদ দেব এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি পূরণ “আমরা করব”। মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) কথায়, “নির্বাচনের সময় রাজনীতি হবে, কিন্তু উন্নয়নের স্বার্থে সবাই এক হয়েছে।”
অন্যদিকে সাংসদ দেব জানান, আগের সরকার এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। ঘাটালবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই তিনি মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিয়েছেন। তাঁর দাবি, তিনি বরাবরই সৌজন্যের রাজনীতি করেছেন এবং নিজের এলাকার উন্নয়নের কথাই তুলে ধরেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব (Dev) বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মুখ্যমন্ত্রী আগামী বাজেটে অর্থ বরাদ্দ করবেন বলে জানিয়েছেন”।
প্রসঙ্গত, মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দুর ডাকা প্রশাসনিক বৈঠকেও হাজির হয়েছিলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া (June Malia)। সঙ্গে ছিলেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, খড়্গপুর গ্রামীণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক দীনেন রায় এমনকি ঘাটালের তৃণমূল সাংসদ দেবও (Dev)। লোকসভায় এনডিএ সমর্থনকারী ২০ জন বিদ্রোহী তৃণমূলের মধ্যে দেব ছিলেন অন্যতম। গতকাল বৈঠক শেষে সমাজমাধ্যমে পোস্টও দিয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। তিনি লিখেছিলেন, ‘যেখানে থাকার কথা, সেখানে ফিরে এসেছি’। আর তাঁর পরদিনই কোলাঘাটে শুভেন্দুর সভায় তাঁর উপস্থিতি, তৃণমূল ভাঙনের আবহে জল্পনা বাড়িয়ে দিয়েছে।


