শিলিগুড়ি: আকাশে বারবার চক্কর, শেষমেশ নামতেই পারল না চপার! ফের খারাপ আবহাওয়ার কবলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কালিম্পং যাওয়ার পথেই কুয়াশার কারণে তৈরি হল বিপত্তি। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর শেষ পর্যন্ত শিলিগুড়িতে ফিরে গেল মুখ্যমন্ত্রীর চপার।
মঙ্গলবার উত্তরবঙ্গে ছিল মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি। কালিম্পঙে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেখান থেকে সরকারি পরিষেবা তুলে দেওয়ার কথা ছিল সাধারণ মানুষের হাতে। এরপর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)।
কিন্তু কালিম্পং পৌঁছনোর আগেই বাধ সাধল আবহাওয়া।পাহাড়ি এলাকায় তখন ঘন কুয়াশা। কালিম্পঙে মুখ্যমন্ত্রীর অবতরণের জন্য আগে থেকেই তৈরি করা হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। কিন্তু কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সেখানে চপার নামানোর ঝুঁকি নেননি পাইলট। বেশ কয়েকবার চেষ্টা করেও পরিস্থিতি অনুকূল না হওয়ায় শেষ পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয় চপার। কালিম্পংয়ের আকাশ থেকে সোজা শিলিগুড়ির পথে রওনা দেয় সেটি।
দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা জানান, মুখ্যমন্ত্রীকে (Suvendu Adhikari) স্বাগত জানানোর জন্য সমস্ত প্রস্তুতি সেরে রাখা হয়েছিল। কিন্তু অতিরিক্ত কুয়াশার কারণে চপার অবতরণ সম্ভব হয়নি। তাই শিলিগুড়ি থেকেই ভারচুয়ালি কালিম্পংয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান বাতিল হচ্ছে না, বদলাচ্ছে শুধু মুখ্যমন্ত্রীর উপস্থিতির ধরন।
জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ ভারচুয়ালি কালিম্পংবাসীর সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। এরপর উত্তরকন্যায় গিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর।
তবে এই ঘটনা নতুন করে মনে করিয়ে দিল আরও একটি ঘটনার কথা। মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) জেলা সফরে প্রতিকূল আবহাওয়ার কারণে চপার সমস্যায় পড়ার ঘটনা এই প্রথম নয়। মাস দু’য়েক আগেও বাঁকুড়া যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছিল তাঁর চপার। পরিস্থিতি সামাল দিতে কোলাঘাটে জরুরি অবতরণ করতে হয়েছিল।
আর এবার উত্তরবঙ্গের পাহাড়েও একই ছবি। একদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস, তার উপর পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা! প্রকৃতির বাধায় ফের বদলে গেল মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) সফরের পরিকল্পনা। প্রশ্ন উঠছে, আবহাওয়ার এই আচমকা বদলের কারণে আগামী কর্মসূচিতেও কি প্রভাব পড়বে? আপাতত কালিম্পংয়ে সশরীরে নয়, ভারচুয়ালিই হাজির থাকবেন মুখ্যমন্ত্রী।


