Aaj India Desk, কলকাতা : কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College Incident) ঘেরাও, বিক্ষোভ এবং উপাধ্যক্ষকে নিগ্রহের অভিযোগ ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। চোরবাগান-কাণ্ডের পর আট ইন্টার্নকে শোকজ করা নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যেই এ বার পুলিশের পদক্ষেপে নতুন মোড়। তিন জুনিয়র ডাক্তারকে বউবাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু হাজিরাই নয়, তদন্তে সহযোগিতা থেকে শুরু করে প্রমাণ সংরক্ষণ, একাধিক শর্তও বেঁধে দিয়েছে পুলিশ। আর সেই শর্ত অমান্য করলে গ্রেফতারির মুখেও পড়তে হতে পারে সংশ্লিষ্টদের।
তিন ইন্টার্নকে কেন তলব পুলিশের?
কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College Incident) উপাধ্যক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেয় পুলিশ। বউবাজার থানার তরফে তিন ইন্টার্নকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৫(৩) ধারা অনুযায়ী নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন ইন্টার্নের বয়ান নথিভুক্ত করতে চান তদন্তকারীরা।পুলিশের নোটিস পাওয়া এই তিন ইন্টার্নই মেডিকেল কলেজের শোকজ হওয়া আট জনের তালিকায় ছিলেন।
কী কী শর্ত দিয়েছে পুলিশ?
তদন্তের স্বার্থে এই নোটিসে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট তিন ইন্টার্নকে জানানো হয়েছে—
- ভবিষ্যতে কোনও অপরাধমূলক কাজে জড়ানো যাবে না।
- মামলার সঙ্গে সম্পর্কিত কোনও প্রমাণ নষ্ট বা বিকৃত করা যাবে না।
- সাক্ষী বা মামলার বিষয়ে অবগত কাউকে হুমকি কিংবা প্রলোভন দেখানো যাবে না।
- তদন্তকারী আধিকারিকের ডাকে হাজির হয়ে সহযোগিতা করতে হবে।
- তদন্তের প্রয়োজনে সমস্ত তথ্য সঠিকভাবে জানাতে হবে।
- চাওয়া হলে প্রয়োজনীয় নথি ও প্রমাণ জমা দিতে হবে।
- আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা দিতে হবে।
পুলিশের নোটিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে থানায় হাজিরা না দিলে অথবা শর্তগুলি অমান্য করলে ওই তিন ইন্টার্নকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৫(৬) ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হতে পারে।
তবে মেডিক্যাল কলেজের (Calcutta Medical College Incident) সাম্প্রতিক ঘটনাকে ঘিরে বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। বুধবার রাতে বহিরাগতদের হামলা ও তাণ্ডবের ঘটনায় কারা জড়িত, কীভাবে তাঁরা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকলেন এবং ঘটনার সময় পুলিশের ভূমিকা কী ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।গত শুক্রবার হামলার ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনে অভিযুক্তদের চিহ্নিত করার দাবি জানিয়েছিলেন মেডিক্যাল কলেজের ইন্টার্নদের একাংশ। পাশাপাশি, পুলিশি তদন্তের গতিপ্রকৃতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তাঁরা। একদিকে উপাধ্যক্ষকে নিগ্রহের অভিযোগে তিন ইন্টার্নকে থানায় তলব, অন্যদিকে বহিরাগতদের হামলার তদন্ত নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।


