Aaj lndia Desk, কলকাতা:নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশজুড়ে তীব্র বিতর্ক ও ছাত্র আন্দোলন চলেছে। পরীক্ষার স্বচ্ছতা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন জায়গায় আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। দীর্ঘদিনের আন্দোলনের চাপের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ঘটনাও ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের নীট উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সরকার।
রাজ্যের নীট পরীক্ষায় সফল কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিতে মঙ্গলবার নবান্নে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে প্রথমবার নীট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত সাফল্যকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আগামীকাল বিকেল ৫টায় নবান্নের সভাঘরে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে রাজ্যের প্রথম ১০০ জন সফল নীট পরীক্ষার্থীকে সংবর্ধনা জানানো হবে। শিক্ষাক্ষেত্রে তাঁদের অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে কৃতী পড়ুয়াদের অভিনন্দন জানাবেন বলে জানা গিয়েছে।
শুধু সংবর্ধনাই নয়, নির্বাচিত ১০০ জন পরীক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে ল্যাপটপও তুলে দেওয়া হবে। অনুষ্ঠানকে ঘিরে স্বাস্থ্য দফতরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজন ও প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ সচিব এবং সিনিয়র ডেপুটি সেক্রেটারিকে। পাশাপাশি নবান্নের অধীনস্থ এক সচিবকেও অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব তদারকির কাজে নিয়োজিত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং উচ্চশিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। কৃতী পরীক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মোট প্রায় ৪০০ জন আমন্ত্রিত অতিথির মধ্যে স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সব মিলিয়ে নীট উত্তীর্ণ বাংলার কৃতী পড়ুয়াদের সম্মান জানাতে নবান্নের এই বিশেষ অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক মহলে এখন প্রস্তুতি তুঙ্গে।


