Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে পানিহাটি এলাকার প্রার্থী হওয়ার পর থেকেই নানান সমালোচনার মুখোমুখি হয়েছেন অভয়ার মা ওরফে রত্না দেবনাথ। সম্প্রতি বারুইপুরের ঘটনার পর তাঁর একটি মন্তব্যের জেরে ফের বিতর্ক তৈরি হয়। এবার সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে গর্জে উঠে বিতর্কে জড়ালেন আরজে প্রিয়াঙ্কা (RJ Priyanka)। একটি ভিডিওতে তিনি অভয়ার মাকে উদ্দেশ্য করে কড়া ভাষায় সমালোচনা করেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
সম্প্রতি বারুইপুরের ঘটনায় অভয়ার মা রত্না দেবনাথ বলেছিলেন, “আমার মেয়ের ঘটনা আর ওর ঘটনা একেবারে আলাদা। আমার মেয়ে একটি সেফ জোনে ছিল, ডাক্তার ছিল। ও কোথায় ছিল, কি করছিল আমি জানি না।”
এই প্রসঙ্গেই একটি ভিডিওতে আরজে প্রিয়াঙ্কা (RJ Priyanka) দাবি করেন, রত্না দেবনাথের “আগে ভালো মানুষ” এবং “ভালো মা” হওয়ার যোগ্যতা অর্জন করা উচিত। পাশাপাশি তিনি অভয়ার মায়ের বক্তব্যের সমালোচনা করে বলেন, “আসলে আপনি যে এতটা বেহায়া, নির্লজ্জ মহিলা কেউ আশা করেনি। আপনি তো সাধারণ লোক নন। আপনি তো এমএলএ। তাই আপনাকে তো জানতেই হবে। আপনি জানবেন না তো কে জানবে। আপনাকে লোকে ভোট দিয়েছিল। আপনার মেয়েটা মেয়ে। আর অন্যের মেয়েটা মেয়ে নয়? আপনি কী বলতে চাইছেন, রাস্তায় হাঁটলেই এই ঘটনা ঘটতে পারে। রাস্তা কারও বাবার? তার সেফটি কে দেখবে? আসলে আপনি বুঝতেই পারছেন না সিমপ্য়াথি খেলবেন নাকি পলিটিক্স। এরপর থেকে স্ক্রিপ্টটা ভালো করে মুখস্থ করে বলবেন। কারণ দেখে দেখে বললে না ক্যামেরায় বোঝা যায়।”
ভিডিওটি ভাইরাল হতেই আরজে প্রিয়াঙ্কার (RJ Priyanka) বক্তব্যের বিরোধিতা করেন বিজেপি সমর্থকরা। তাঁদের দাবি, অভয়ার মায়ের সম্পূর্ণ বক্তব্য না শুনে কেবল একটি অংশের ভিত্তিতে এমন মন্তব্য করা হয়েছে। কেউ কেউ এটিকে ‘অদ্ভুত’ এবং ‘অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তৈরি কনটেন্ট’ বলেও মন্তব্য করেছেন। তবে তাদের ক্ষোভের মুখেও কোনো প্রতিক্রিয়া জানাননি আরজে প্রিয়াঙ্কা।


