Aaj India desk, কলকাতা: মধ্যবিত্ত এবং গরিব মানুষের পাতে একমাত্র সস্তা প্রোটিনের উপকরণ হল ডিম (egg)। কিন্তু এই ডিমও এবার চলে যাচ্ছে মানুষের নাগালের বাইরে। গত ৪ই মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবার পর থেকেই ডিমের দাম বাড়ছে। সাধারণত বড়দিনের সময় ছাড়া এত দাম বৃদ্ধি কখনো হয় না। বড়দিনের সময় কেক বানানোর কারণে ডিমের দাম বৃদ্ধি পেলেও সাধারণত তা ১৬ টাকার মধ্যেই থাকে। কিন্তু এবারে সব হিসেব ছাড়িয়ে ১৮ টাকা জোড়ার কাছাকাছি দাম পৌঁছে গেছে । ফলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের।
ভোটের পরেই দাম বাড়ছে কেন?
ডিমের (egg) এই দাম বাড়ার পিছনে অনেক দোকানদার এবং ক্রেতা দায়ী করছেন ডিম থেরাপিকে। বর্তমানে তৃণমূলের নেতা মন্ত্রীদের দেখলেই ডিম ছুড়ে মারা হচ্ছে। অনেকের মতে এইভাবে ডিমের অপচয় করার কারণেই এত দাম বৃদ্ধি। কোন কোন দোকানদার বলছেন “ডিম আসলেই সেটা বিজেপি পার্টি অফিসে চলে যাচ্ছে। তাহলে ডিমের দাম বাড়বে না কেন?” তবে বিভিন্ন বাজারের বিক্রেতাদের দাবি ছুড়ে মারার জন্য পচা ডিমই ব্যবহার করা হচ্ছে। তাই ডিমের দাম বাড়ার কারণ হিসাবে ডিম থেরাপি কে তাই করছেন না তাঁরা।
আসল কারণ কি ?
পোলট্রি অ্যাসোসিয়েশন ও বাজার বিশেষজ্ঞদের মতে দাম বাড়ার প্রধান কারণ হলো মুরগির মৃত্যু ও উৎপাদন কমে যাওয়া। গত কয়েক মাসের তীব্র গরমের কারণে খামারে প্রচুর সংখ্যায় ডিম (egg) পাড়া মুরগি মারা গেছে। এছাড়া মুরগির প্রধান খাদ্য যেমন ভুট্টা ও সয়াবিনের দাম বাজারে কয়েক গুণ বেড়ে গেছে। একই সাথে যুদ্ধের কারণে জ্বালানির দাম চড়া থাকায় ডিম আনার গাড়ি ভাড়াও বৃদ্ধি পেয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই ডিমের দাম বাড়ছে। তবে আশা করা হচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে ডিমের দাম নিয়ন্ত্রণে চলে আসবে।


