Aaj India Desk, কলকাতা: সপ্তাহের শেষে ব্যাঙ্কে জরুরি কাজ রয়েছে? তাহলে আগে থেকেই সাবধান। শুক্রবার, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। United Forum of Bank Unions (UFBU)-এর ডাকে এই ধর্মঘট হতে চলেছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কের শাখাভিত্তিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। টাকা জমা দেওয়া, নগদ তোলা থেকে শুরু করে চেক ক্লিয়ারেন্স—একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে।
কোন কোন পরিষেবা বন্ধ থাকতে পারে?
ধর্মঘটের কারণে ব্যাঙ্কের শাখায় গিয়ে করা একাধিক পরিষেবা পাওয়া নাও যেতে পারে। নগদ টাকা জমা দেওয়া বা তোলা, চেক ক্লিয়ারেন্স, KYC সংক্রান্ত কাজ, ঋণ সংক্রান্ত পরিষেবা-সহ বিভিন্ন কাউন্টার পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জরুরি কোনও কাজ থাকলে ধর্মঘটের আগে তা সেরে নেওয়াই ভালো।
তবে ATM এবং ডিজিটাল পরিষেবা নিয়ে কিছুটা স্বস্তি রয়েছে। ইউনিয়নের তরফে জানানো হয়েছে, ATM, UPI এবং Internet Banking পরিষেবা চালু থাকবে। অর্থাৎ অনলাইনে টাকা পাঠানো, UPI-এর মাধ্যমে পেমেন্ট করা বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের প্রয়োজনীয় কাজ চালিয়ে যেতে পারবেন গ্রাহকরা।
কেন ধর্মঘটে ব্যাঙ্ক কর্মীরা?
দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক কর্মীদের অন্যতম বড় দাবি পাঁচদিনের কর্মদিবস চালু করা। কর্মীদের দাবি, সপ্তাহে শনিবার ও রবিবার—দুই দিনই ব্যাঙ্কে ছুটি দেওয়া হোক। এর পরিবর্তে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিনের কাজের সময় প্রায় ৪০ মিনিট বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।
কিন্তু এই বিষয়ে সরকার ও ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির মধ্যে এখনও ঐকমত্য হয়নি। সেই কারণেই ১১ সেপ্টেম্বর ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে ইউনিয়ন। কর্মীদের দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
টানা কয়েকদিন বন্ধ ব্যাঙ্ক!
ধর্মঘটের পরের দিন, অর্থাৎ ১২ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ১৩ সেপ্টেম্বর রবিবার। আবার ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাঙ্কে ছুটি রয়েছে। ফলে অনেক জায়গায় টানা কয়েকদিন শাখাভিত্তিক ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ বা সীমিত থাকতে পারে।
কিছু রাজ্যে গণেশ চতুর্থী উপলক্ষে ১৫ সেপ্টেম্বরও ছুটি রয়েছে। তাই ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে ছুটির তালিকা দেখে আগে থেকেই পরিকল্পনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে নগদ জমা-তোলা, KYC, চেক বা ঋণ সংক্রান্ত কাজ থাকলে শেষ মুহূর্তে গিয়ে সমস্যায় পড়তে পারেন।


