22 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

“পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও থামবে না” – ফের হুঁশিয়ারি দিলীপের! কীসের ইঙ্গিত দিলেন?

Aaj India Desk, কলকাতা: বীরভূমে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার দু’দিনের মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত রতন শেখের (Ratan Sheikh)। ১৩ নভেম্বর, বৃহস্পতিবার শান্তিনিকেতনের লাইক বাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর ১৫ নভেম্বর, শনিবার পুলিশের এনকাউন্টারে (Encounter) মৃত্যু হয় রতনের। এই ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা।

সরকারের পরিবর্তনের মাত্র ছ’মাসের মধ্যে রাজ্যে পাঁচটি এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। এনকাউন্টার নিয়ে সমাজের বিভিন্ন মহলে তৈরি হয়েছে মতবিরোধ। কেউ পুলিশের পদক্ষেপকে সমর্থন করছেন, আবার কেউ তুলছেন আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। এরই মধ্যে এনকাউন্টারের বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপ ঘোষের বক্তব্য, এনকাউন্টার যাঁদের পছন্দ নয়, তাঁরা চাইলে বাংলাদেশ বা অন্য দেশে চলে যেতে পারেন। তাঁর কথায়, “এনকাউন্টার যাদের পছন্দ নয়, ফ্রি ভিসা দিয়ে দিচ্ছি বাংলাদেশ বা অন্য দেশে চলে যান।” তিনি আরও বলেন, বাংলায় এখন অপরাধের বিরুদ্ধে এইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে এমন ঘটনা হলে আপত্তি না থাকলেও উত্তরপ্রদেশ বা গুজরাতের মতো পদক্ষেপ বাংলায় হলে কেন আপত্তি উঠছে, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, এই ধরনের ব্যবস্থা পছন্দ না হলে রাজ্যে থাকার প্রয়োজন নেই।

এর আগেও পুলিশের উপর হামলার ঘটনায় কড়া বার্তা দিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, পুলিশ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের সুরক্ষা দেবে কীভাবে? যারা পুলিশ ও আইনকে চ্যালেঞ্জ করবে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং এলাকায় শান্তি বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। আগের তৃণমূল সরকারকে আক্রমণ করে দিলীপের অভিযোগ, তাদের আমলে গোটা সমাজ অপরাধপ্রবণ হয়ে উঠেছে। তাঁর কটাক্ষ, পাঁচটি নয়, ৫০০টি এনকাউন্টার হলেও অপরাধ পুরোপুরি শেষ হবে না।

একইভাবে পুলিশের পদক্ষেপের পক্ষে কথা বলেছেন বিজেপি নেতা অর্জুন সিংও। তাঁর বক্তব্য, কোনও অপরাধী যদি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, তাহলে পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালাতেই পারে। পুলিশকে আক্রমণ করা হলে চুপ করে বসে থাকার প্রশ্ন নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, অপরাধের ক্ষেত্রে কোনও আপস করা উচিত নয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর শান্তিনিকেতন থানার লাইক বাজার এলাকায় অভিযুক্তদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত দুই ব্যক্তির উপস্থিতির খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন রতন শেখ এবং রমেশ লোহার। দু’জনের বিরুদ্ধেই আগে অপরাধের অভিযোগ ছিল। পুলিশ তাঁদের আটক করার চেষ্টা করলে রতন শেখ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলি তাঁর পায়ে লাগে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

এরপর কীভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় রতন শেখের?

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রতন শেখকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় সে নানুরের উচকরণ এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটায় আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার কথা জানায় বলে দাবি পুলিশের। রবিবার সন্ধ্যায় সেই অস্ত্র উদ্ধারের জন্য রতনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে ঝোপের মধ্যে থেকে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে সে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। এরপর আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালায়। তাতেই গুলিবিদ্ধ হয় রতন শেখ। পরে তাকে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বীরভূমের পুলিশ সুপার বিদিতরাজ ভুন্দেশের বক্তব্য, ঝোপের মধ্যে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে আচমকাই পুলিশের দিকে গুলি চালায় রতন। গুলি পুলিশের গাড়িতে লাগার পর আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয়েছে অভিযুক্তের বলে জানান তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন