Aaj India Desk, কলকাতা : সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়কদের ভাঙনের পর তৃনমূল কংগ্রেসের সাংসদদের মধ্যেও সেই অস্থিরতার ছোঁয়া লেগেছে। এর জেরে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বেশ কয়েকজন সাংসদের দল ছেড়ে দেওয়ার তথ্যও উঠে আসছে। এই রাজনৈতিক অস্থিরতার আবহে এবার জল্পনার কেন্দ্রবিন্দুতে রাজ্যসভারও (Rajya Sabha MP) দুটি আসন। নিজস্ব সূত্র অনুযায়ী, পরিস্থিতি বিশেষে এই দুই সাংসদ রাজ্যসভার সদস্যপদ থেকে সরে দাঁড়াতে পারেন।
কারা এই দুই সাংসদ ?
বর্তমানে রাজ্যসভায় তৃনমূলের ১৩ জন সদস্য রয়েছেন। সূত্র অনুযায়ী, তাঁদের মধ্যে থেকে রাজ্যসভার পদ (Rajya Sabha MP) ছাড়তে পারেন কোয়েল মল্লিক এবং সুখেন্দু শেখর রায়। একজন বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, যিনি চলতি বছরই তৃণমূলের টিকিটে প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হয়ে সংসদে প্রবেশ করেছেন। অন্যজন দলের দীর্ঘদিনের সাংসদ ও সংগঠনের অন্যতম পরিচিত মুখ। বিশেষ পরিস্থিতিতে এই দুই সাংসদের মধ্যে কেউ বা উভয়েই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিতে পারেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
কেনো উঠে আসছে এঁদের নাম ?
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক চলতি বছরের শুরুতে তৃণমূলের হয়ে রাজ্যসভায় (Rajya Sabha MP) নির্বাচিত হন। ২০২৬ সালের এপ্রিল মাসে শপথ নেওয়ার পর থেকেই তিনি সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ হিসেবে তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল।
অন্যদিকে, দলের প্রবীণ নেতা ও রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে সমালোচনামূলক মন্তব্য করেছেন। তিনি অভিষেকের নাম উল্লেখ করে কটাক্ষ করে দলের সাংগঠনিক অবস্থা এবং বিভিন্ন বিতর্কিত ইস্যু নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এমনকি দল ভবিষ্যতে বড় সংকটের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, তিনি আদৌ তৃণমূলের সঙ্গে দীর্ঘমেয়াদে থাকবেন কি না।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের সাংগঠনিক ভবিষ্যৎ, নেতৃত্বের অবস্থান এবং সাংসদদের ভূমিকা নিয়ে বেশ চাপে রয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক নেতা তাঁর পাশ ছেড়ে বেছে নিয়েছেন বিদ্রোহী দলকেই। দিল্লিতে ইন্ডিয়া জোটের সাথে বৈঠকের আগে কলকাতায় দলের শেষ বৈঠকেও দোলা সেন, ডেরেক ও ব্রায়েন ব্যতীত রাজ্যসভার অন্যান্য সদস্যদের দেখা যায়নি। এই আবহেই কোয়েল মল্লিক ও সুখেন্দুশেখর রায়কে ঘিরে রাজ্যসভা ছাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা নতুন করে গুরুত্ব পেয়েছে।


