নয়াদিল্লি: দীর্ঘ ২ বছর পর যবনিকার অন্তরাল থেকে বেরিয়ে জনসমক্ষে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ২০২৪-এর গণঅভ্যুত্থানে ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন মুজিব-কন্যা। তারপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এবার দেশ ছাড়ার দিনই অর্থাৎ ৫ আগস্ট দিল্লি থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা করেছেন শেখ হাসিনা। আর তারপরই ভারতের বিরুদ্ধে সরব বাংলাদেশ।
ভারতের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানাল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। ঢাকার দাবি, অনুষ্ঠানটি নিয়ে আগেই ভারতের কাছে আপত্তি জানানো হয়েছিল। তা সত্ত্বেও ভারতের মাটিতে শেখ হাসিনাকে (Sheikh Hasina) বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে, যা দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা ভারতের সঙ্গে গঠনমূলক ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে সেই সম্পর্কের ভিত্তি হওয়া উচিত একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার (Sheikh Hasina) এই অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ আগেই ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল। তবুও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি ঢাকার। বিদেশ মন্ত্রকের বক্তব্য, হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত সাড়া না দিলেও, তাঁকে ভারতের মাটি থেকে প্রকাশ্যে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়। ঢাকার আরও অভিযোগ, জুলাই আন্দোলনের বর্ষপূর্তির আবহে এই ধরনের কর্মসূচি বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। সেই কারণেই বিষয়টি শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন।
তবে এই বিবৃতিতে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। শেখ হাসিনার (Sheikh Hasina) বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে হামলার অভিযোগ সামনে আসে। পাশাপাশি আওয়ামি লিগের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের উপর নির্যাতনের অভিযোগও তোলা হয়। কিন্তু বিদেশ মন্ত্রকের বিবৃতিতে এই ঘটনাগুলির কোনও উল্লেখ করা হয়নি।এদিকে, শাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনায় পেট্রল বোমা নিক্ষেপ, ভাঙচুর এবং আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কারা হামলার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয় এবং তদন্ত চলছে।
শেখ হাসিনার (Sheikh Hasina) দেশে ফেরার ঘোষণা, তার পরপরই রাজনৈতিক উত্তেজনা, হামলার অভিযোগ এবং ভারতের বিরুদ্ধে ঢাকার কড়া প্রতিক্রিয়া, সব মিলিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়েই এখন নজর কূটনৈতিক মহলের।


