Aaj India Desk, কলকাতা: সই জালিয়াতি কাণ্ডে আবারও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ (রবিবার) তাঁকে ফের ভবানী ভবনে ডেকে পাঠিয়েছে সিআইডি (CID)। শুধু তিনিই নন, একই মামলায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)-কেও তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, দুপুরের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে হাজির হবেন। এরপর বিকেল তিনটের পর কুণাল ঘোষকেও তদন্তকারীরা ডেকেছেন। এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগেও বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে অভিষেককে জেরা করেন সিআইডি আধিকারিকরা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে সেই জিজ্ঞাসাবাদ। যদিও সেই সময় বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে তদন্তকারীরা পুরোপুরি সন্তুষ্ট হননি বলে সূত্রের দাবি। এরপরই ফের তাঁকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতেই ভবানী ভবন থেকে বেরিয়ে যান অভিষেক। এরপর তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং সেখানে তাঁদের মধ্যে বৈঠক হয় বলে জানা যায়। এবার একই মামলায় কুণাল ঘোষকেও ডাকা হওয়ায় তদন্তের পরিধি আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে। সই জালিয়াতি কাণ্ডে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।


