কলকাতা: প্রবল চাপে তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরপর তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে তলব করা হল তাঁকে। মঙ্গলের দুপুর ১২ টায় সিআইডি দফতরে হাজিরার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ের ঠিক ২ মিনিট আগে ভবানীভবনে প্রবেশ করেন অভিষেক।
আজ কি নিয়ে জিজ্ঞাসাবাদ?
জানা গিয়েছে, এদিন ‘ডিজে’ মন্তব্যের জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে (Abhishek Banerjee) তলব করেছে সিআইডি। রিসেপশনে আইডি কার্ড দেখিয়ে সিআইডি দফতরে প্রবেশ করেন অভিষেক। বস্তুত, ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচারে বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ৪ মে-র পর তৃণমূল ফের ক্ষমতায় এলে বিজেপি নেতাদের বাড়ির সামনে ডিজে বাজানো হবে, “কান ঝালাপালা হয়ে যাবে।” সেই মন্তব্যকে কেন্দ্র করেই প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। পরে মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে।
গত শুক্রবার তদন্তকারীরা কালীঘাটে অভিষেকের (Abhishek Banerjee)বাড়িতে গিয়ে সমনের নোটিস ধরিয়ে দেন। সেই নোটিসের ভিত্তিতেই মঙ্গলবার নির্ধারিত সময়ে ভবানীভবনে হাজির হন তৃণমূল সাংসদ। বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি সিআইডি দপ্তরে পৌঁছন। দুপুর ১২টার ঠিক আগে ভবানীভবনে প্রবেশ করেন অভিষেক (Abhishek Banerjee)।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই একাধিক মামলায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে তাঁকে। ফলে রাজনৈতিক মহলের নজর ছিল এদিনের জেরার দিকেও। অভিষেককে (Abhishek Banerjee) ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভবানীভবন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। এখন তদন্তকারীরা তাঁর কাছ থেকে কী তথ্য পেলেন, সেদিকেই নজর।


