Aaj India Desk, জলপাইগুড়ি : একসময় দেশের হয়ে এশিয়াডে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন স্বপ্না বর্মন (Swapna Barman)। আজ সেই স্বপ্নারই স্বপ্ন ভেঙ্গে চুরমার। সদ্য তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়া এই সোনার মেয়ে হারিয়ে ফেললেন তাঁর বাড়ি থেকে শুরু করে সম্পর্ক।
কী ঘটেছে ?
শুক্রবার রাতেই জলপাইগুড়ির পাতাকাটা ঘোষপাড়ায় আগুন লাগে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল প্রার্থী স্বপ্নার (Swapna Barman) পুরনো বাড়িতে। ঘটনাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেন স্বপ্না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও হতাশা প্রকাশ করেন স্বপ্না। তিনি লেখেন, “আগে জানলে রাজনীতিতে আসতাম না। আজ আমার বাড়িটাও জ্বালিয়ে দিল।” তবে স্বপ্না বর্মন জানিয়েছেন, শনিবার এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করবেন। পরিবারের দাবি, ভোটে হারের পর থেকেই হুমকি বাড়ছিল। স্বপ্নার দাদা পবিত্র বর্মনের অভিযোগ, তাঁদের নতুন বাড়ির সিসিটিভিও কিছুদিন আগে ভাঙচুর করা হয়েছিল।
‘লোভ’ না রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা?
রেলের চাকরি ছেড়ে বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন স্বপ্না (Swapna Barman)। সেই সিদ্ধান্ত তখন অনেকের কাছে ছিল সাহসী পদক্ষেপ, আবার অনেকের মতে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। অথচ ভোটে পরাজয়ের পর থেকেই এলাকায় তাঁর পরিবারকে ঘিরে বিতর্ক, হুমকি এবং অভিযোগের পালা শুরু হয় বলে দাবি পরিবারের।
শুক্রবারের আগুনের ঘটনার পর সেই ক্ষোভ যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। স্বপ্নার অভিযোগ, আগুন নেভাতে স্থানীয় কেউ এগিয়ে আসেননি। যাঁরা একসময় পাশে ছিলেন, তাঁরাই এখন দূরে সরে গিয়েছেন বলে আক্ষেপ তাঁর।
‘স্বপ্ন’ এখন কোন পথে?
একসময় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বপ্নার লড়াই ছিল দেশের জন্য পদক জেতার। অথচ এখন অভিযোগ-পাল্টা অভিযোগ আর রাজনৈতিক নিন্দার ঢেউয়ের বিরুদ্ধে টিকে থাকার লড়াই করছেন তিনি। স্বপ্নার সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, রাজনীতির অভিজ্ঞতা তাঁর কাছে তিক্ত হয়ে উঠেছে। ফলে আগামী দিনে তিনি রাজনীতির পথে থাকবেন না বলেই ধারণা বিশেষজ্ঞদের। তবে আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা এক অ্যাথলিটের রাজনৈতিক সফর যে শেষ পর্যন্ত তাঁকে আরও একা করে দিল তা এই ঘটনায় স্পষ্ট। এবার তাঁর আগামী পদক্ষেপ কী হবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


