Aaj India Desk, কলকাতা : ভোট শেষ হলেও ভোটের তাপ এখনও বিদায় নেয়নি রাজ্য থেকে। বিভিন্ন জায়গায় উঠে আসছে ভোট পরবর্তী হিংসার ঘটনা। এই উত্তপ্ত পরিস্থিতিতে বিধাননগর নর্থ সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) বিরুদ্ধে। বর্তমানে রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ঘটনা।
কী বিষয়ে FIR ?
সমাজকর্মী রাজীব সরকার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেরদিনই বাগুইআটি থানায় লিখিত অভিযোগ জমা দেন। এরপর তিনি ১৫ মে দুপুর প্রায় ২.৪৫ নাগাদ আনুষ্ঠানিকভাবে বিধাননগর নর্থ সাইবার ক্রাইম থানায় মামলা রুজু করেন।
মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে উস্কানিমূলক ও অপমানজনক বক্তব্য রাখার জন্যই অভিষেকের বিরুদ্ধে এই FIR দায়ের করা হয়। অভিযোগকারী রাজীব সরকার বলেন, নির্বাচনী প্রচারের সময় অভিষেকের (Abhishek Banerjee) একাধিক ভাষণে উস্কানিমূলক ও হুমকিমূলক বক্তব্য ছিল, যা জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা তৈরি করে। পুলিশের কাছে কয়েকটি প্রচারসভায় দেওয়া বক্তব্যের ভিডিও লিঙ্কও জমা দেন তিনি।
কোন ধারায় মামলা ?
পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯২, ১৯৬, ৩৫১(২) এবং ৩৫৩(১)(সি) ধারায় মামলা দায়ের করেছে। পাশাপাশি, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্টের ১২৩(২) ও ১২৫ ধারাও যুক্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, কিছু বক্তব্যে বিরোধী দলের কর্মীদের উদ্দেশ্য করেও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছিল। এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর সোমনাথ সিংহ রায়কে।
উল্লেখ্য, ২৭ এপ্রিলের একটি নির্বাচনী সভাতে অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) বিজেপিকে উদ্দেশ্য করে তাদের “বাংলা বিরোধী গুজরাটি গ্যাং” বলে হুঁশিয়ারি দেন , “৪ জুনের পর মধ্যরাতে কে এসে ওদের বাঁচায়, সেটাও দেখা যাবে। দিল্লি থেকে কোন গডফাদার এসে রক্ষা করে, তাও দেখা যাবে।” এছাড়া “আমি সমগ্র ভারতীয় ইউনিয়নকে চ্যালেঞ্জ করছি” জাতীয় মন্তব্য করেছিলেন অভিষেক। এই মন্তব্যগুলিকে ঘিরেই তৈরি হয়েছিল বিতর্ক। এবার সেই বিতর্কের জেরে আইনি জটিলতায়ও ফেঁসে গেলেন অভিষেক। নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই FIR ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।


