28.5 C
Kolkata
Monday, July 20, 2026
spot_img

জাতীয় পুরস্কারের মঞ্চ থেকেই আন্দোলনের বার্তা! সোনামের পাশে সৌরভ পালোধী!

Aaj India Desk, নয়া দিল্লি: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উঠে সোনম ওয়াংচুকের আন্দোলনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন পরিচালক সৌরভ পালোধী (Saurav Palodhi)। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘অংক কি কঠিন’ ছবির তিন শিশুশিল্পী সেরা শিশুশিল্পীর সম্মান পাওয়ার পর পরিচালক জানান, এই জাতীয় স্বীকৃতি তিনি সোনম ওয়াংচুক এবং তাঁর চলমান আন্দোলনকে উৎসর্গ করতে চান।

জাতীয় মঞ্চে বাংলা সিনেমা

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলা ছবি ‘অংক কি কঠিন’ এর তিন শিশুশিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী যৌথভাবে সেরা শিশুশিল্পীর জাতীয় পুরস্কার পেয়েছেন। একই বিভাগে তেলুগু ছবি ‘৩৫ চিন্না কাথা কাডু’র অরুন্দেব পোথুলা এবং কন্নড় ছবি ‘মিথ্যা’র অতীশ এস. শেট্টিও সম্মানিত হয়েছেন।

‘সমাজের গল্প বলেই এই উৎসর্গ’

এই সাফল্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বামমনষ্ক পরিচালক সৌরভ পালোধী (Saurav Palodhi) জানান, এই জাতীয় পুরস্কার তাঁর কাছে বড় সম্মান হলেও তিনি তা সোনম ওয়াংচুক এবং তাঁর আন্দোলনকে উৎসর্গ করতে চান। সৌরভ পালোধীর বক্তব্য, ‘অংক কি কঠিন’ মূলত সমাজের গল্প বলে। তাই সমাজের দাবি, মানুষের অধিকার এবং পরিবর্তনের প্রশ্নে যাঁরা লড়াই করছেন, তাঁদের পাশে দাঁড়ানো শিল্পীরও দায়িত্ব। তিনি বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মত। তবে জাতীয় পুরস্কারের মতো সম্মান এমন সময়ে এসেছে, যখন সমাজের একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মানুষ সরব। সেই কারণেই এই প্রাপ্তিকে শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য হিসেবে না দেখে বৃহত্তর সামাজিক লড়াইয়ের সঙ্গে যুক্ত করতে চেয়েছেন তিনি। তাঁর মতে, শিল্প ও সমাজ একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, আর সেই ভাবনা থেকেই তিনি জাতীয় পুরস্কারটি সোনম ওয়াংচুকের লড়াইকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং পরীক্ষায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল থেকেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সোনম। পাশাপাশি ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন