27.6 C
Kolkata
Monday, July 20, 2026
spot_img

শ্রাবণী মেলা ঘিরে প্রশাসনের তৎপরতা, ভিড় সামলাতে বিশেষ পরিকল্পনা

Aaj lndia Desk,হুগলি: তারকেশ্বরের শ্রাবণী মেলা (Shravani Mela)কে ঘিরে এ বছর নজিরবিহীন প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র নির্দেশের পর হুগলি জেলা প্রশাসন ও পুলিশ নিরাপত্তা, যান চলাচল এবং পুণ্যার্থীদের পরিষেবা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। শনিবার হরিপাল বিডিও অফিসে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, জেলাশাসক খুরশিদ আলি কাদরি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিংহ এবং পুলিশ কমিশনার সুনীল যাদব উপস্থিত ছিলেন।

বৈঠকে শ্রাবণী মেলার সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। প্রশাসনের লক্ষ্য, এ বছর প্রায় এক কোটি পুণ্যার্থীর নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা।

বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রাপথে পানীয় জল, চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রতি পাঁচ কিলোমিটার অন্তর স্বাস্থ্যকেন্দ্র থাকবে এবং ২৪ ঘণ্টা চিকিৎসক, ওষুধ ও অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রস্তুত রাখা হবে। গঙ্গার ঘাটে দুর্ঘটনা মোকাবিলায় ওয়াটার অ্যাম্বুল্যান্সও রাখা হচ্ছে।

ভিড় নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে অ্যাম্বুল্যান্স, দুধ ও অন্যান্য জরুরি পরিষেবার যানবাহনের জন্য বিকল্প রুট চালু থাকবে। পাশাপাশি অটো, টোটো, ই-রিকশা ও ইঞ্জিন ভ্যান চলাচলেও নির্দিষ্ট এলাকায় নিয়ন্ত্রণ থাকবে। বিভিন্ন থানার আওতায় বিকল্প রাস্তারও তালিকা প্রকাশ করেছে পুলিশ।

পুণ্যার্থীদের সুবিধার্থে যাত্রাপথে গাইড ম্যাপ বিতরণ করা হবে, যেখানে পানীয় জল, শৌচাগার ও চিকিৎসাকেন্দ্রের অবস্থান উল্লেখ থাকবে। শনি, রবি ও সোমবার অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে ওই দিনগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। এছাড়া রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ওয়াচ টাওয়ার থেকে নজরদারি এবং যাত্রাপথে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হচ্ছে।

এর পাশাপাশি বৈদ্যবাটি–তারকেশ্বর রোড সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে পুরো পথে অস্থায়ী ডাস্টবিন বসানো হবে। অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্তও নিয়েছে পূর্ব রেল। প্রশাসনের আশা, সমন্বিত এই ব্যবস্থাপনার ফলে এ বছরের শ্রাবণী মেলা আরও সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন