Aaj India Desk, কলকাতা : বিধানসভার ভেতরে দলের সদস্যদের মধ্যে সমন্বয় রক্ষা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ভোটাভুটি ও কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ন ভূমিকা নেন চিফ হুইপ। সেই গুরুদায়িত্ব এবার তুলে দেওয়া হয়েছে মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ীর (Amlan Bhaduri) হাতে। দুদিন আগে থেকেই এই বিষয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনা সত্যি করে প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পরই বিজেপি পরিষদীয় দলের চিফ হুইপ হিসেবে নির্বাচিত হলেন তিনি।
দলীয় সূত্রের দাবি, সোমবারই বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁর নাম অনুমোদন করা হয়েছিল এবং চূড়ান্ত সম্মতির জন্য তা দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল। এরপর বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাতে সম্মতি দেন।
অম্লান ভাদুড়ী (Amlan Bhaduri) মালদার ইংরেজবাজার কেন্দ্রের বিধায়ক। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমবার বিধানসভায় প্রবেশ করেন। এরপর অল্প সময়ের মধ্যেই দলের আস্থা অর্জন করে গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বিবেচিত হয়েছেন। উত্তরবঙ্গ থেকে এই পদে কোনও শাসকদলের প্রতিনিধি আগে আসেননি। ফলে অম্লানের সম্ভাব্য নিয়োগকে বিজেপির সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।
তবে এই নিয়োগ ঘিরে মালদা জেলা বিজেপি নেতৃত্ব এবং কর্মী-সমর্থকদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা দিয়েছে। বিজেপির দক্ষিণ মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা খবর পেয়েছি যে অম্লান ভাদুড়ীকে বিধানসভায় চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি মালদা এবং জেলার বিজেপি সংগঠনের জন্য গর্বের বিষয়।” তিনি আরও বলেন, “চিফ হুইপের পদ অত্যন্ত দায়িত্বপূর্ণ। অম্লান ভাদুড়ীকে আগাম শুভেচ্ছা জানাই। আমরা বিশ্বাস করি তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন।” অম্লান ভাদুড়ী (Amlan Bhaduri) নিজেও বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা অবশ্যই আমি খুশি সহকারে পালন করবো। স্পিকার, মুখ্যমন্ত্রী এবং প্রবীণ বিধায়কদের সঙ্গে আলোচনা করেই দায়িত্ব পালন করার চেষ্টা করব।”
উল্লেখ্য, চিফ হুইপের দায়িত্ব মূলত বিধানসভায় দলের সদস্যদের উপস্থিতি, ভোটাভুটি এবং বিভিন্ন আইনসভার কার্যক্রমে সমন্বয় বজায় রাখা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদে অম্লান ভাদুড়ীর সম্ভাব্য নিয়োগ বিজেপির পরিষদীয় কৌশলকে আরও সুসংগঠিত করতে সাহায্য করতে পারে।


