Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেস (TMC)-এর দলীয় তহবিল (Party Fund) নিয়ে বিতর্ক আরও বেড়েছে। একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা দলের তিনটি অ্যাকাউন্টের মোট প্রায় ৪৪০ কোটি টাকা ফ্রিজ (Account Freeze) করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, গত ১২ জুন ব্যাঙ্কের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। তবে তার আগেই, ৫ জুন দল তাঁকে ওই পদ থেকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব দেয়। এরপর অরূপ বিশ্বাসকে শোকজও করা হয়।
জানা গিয়েছে, শোকজের জবাবে অরূপ বিশ্বাস যে চিঠি পাঠিয়েছেন, তার ভাষা যথেষ্ট কড়া। সেই চিঠিকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। অনেকের মতে, দলের সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্ট হয়ে উঠছে। এদিকে, গত শুক্রবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তহবিলের টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই জয়নগরের বিধায়কের অভিযোগের ভিত্তিতে ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় বলে জানা গিয়েছে। দলীয় সূত্রের খবর, এই পরিস্থিতিতে তহবিলের অর্থ রক্ষায় তৃণমূল আইনি পদক্ষেপের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে, বিষয়টি নিয়ে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ব্যাঙ্কের নিয়ম মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। তাঁর অভিযোগ, ওই অ্যাকাউন্টে থাকা অর্থের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, তা-ই করা হবে। এদিকে তদন্তকারী সংস্থাও এখন ওই বিপুল অঙ্কের টাকার উৎস খতিয়ে দেখতে তৎপর হয়েছে।


