Aaj India Desk, কলকাতা: নির্বাচনী হলফনামায় আয় ও সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল (TMC) প্রার্থী অদিতি মুন্সি (Aditi Munsi)। গ্রেফতারের আশঙ্কায় আগেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তিনি। শুক্রবার সেই মামলার শুনানিতে আদালত অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজের সম্পত্তি সংক্রান্ত তদন্তের অগ্রগতি রিপোর্ট চেয়েছে। আগামী ১৯ জুনের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে।
শুনানিতে অদিতির পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান- সম্পত্তি কেনাবেচা বা হস্তান্তর নিজে থেকে কোনও বেআইনি কাজ নয়। তাঁর দাবি, এই ঘটনায় কাউকে প্রতারিত বা বঞ্চিত করার অভিযোগও ওঠেনি। তিনি আরও বলেন, আয় বা কর সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে তা ইনকাম ট্যাক্স দফতর দেখতে পারে।
অন্যদিকে রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে প্রশ্ন তোলেন- অদিতি ও দেবরাজের আয়ের উৎস কী? অল্প সময়ে এত বিপুল সম্পত্তি কীভাবে তৈরি হল, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলেও তিনি দাবি করেন।
এর জবাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন- যদি হলফনামায় ভুল তথ্য দেওয়া হয়ে থাকে, তাহলে তা নির্বাচনী আইন ভঙ্গের বিষয় হতে পারে, কিন্তু সেটাকে সরাসরি ফৌজদারি অপরাধ বলা যায় না।
শুনানির সময় বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন- অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মানুষ ভয় পেয়ে অভিযোগ করতে চান না। তিনি শেখ শাহজাহানের প্রসঙ্গও টেনে আনেন।
রাজ্যের পক্ষ থেকে আরও দাবি করা হয়- খুব অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তি হস্তান্তর হয়েছে, যা সন্দেহের জন্ম দিচ্ছে। এমনকি ‘অর্গানাইজড ক্রাইম’-এর সম্ভাবনার কথাও আদালতে বলা হয়।
যদিও বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানান- এখনও পর্যন্ত কেউ অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ করেননি, তাই এই মুহূর্তে বিষয়টিকে সংগঠিত অপরাধ বলা ঠিক হবে না। তবে সম্পত্তি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের আর এক আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি আদালতে জানান- গত পাঁচ বছরে অদিতি মুন্সির আয় প্রায় ৪০ লক্ষ টাকা এবং দেবরাজের আয় প্রায় ৬৭ লক্ষ ৯৭ হাজার টাকা। অথচ তাঁদের নামে তিনটি বিলাসবহুল গাড়ি রয়েছে, যার মোট মূল্য প্রায় ৭১ লক্ষ টাকা। পাশাপাশি প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তিরও উল্লেখ করেন তিনি।
শুনানি শেষে রাজ্যের পক্ষ থেকে আদালতে মৌখিকভাবে জানানো হয়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অদিতি মুন্সি ও দেবরাজকে গ্রেফতার করা হবে না। প্রসঙ্গত, ভোটের ঠিক আগের দিন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি ছিল, মনোনয়নপত্রে অদিতি মুন্সি সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য দেননি। অভিযোগ, কলকাতা ও আশপাশের এলাকায় কেনা একাধিক জমির প্রকৃত তথ্য এবং চলতি বছরের মার্চ মাসে বিক্রি হওয়া একটি জমির মূল্যও হলফনামায় উল্লেখ করা হয়নি।


