Aaj India Desk , কলকাতা : কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশন ঘিরে শুক্রবার তৈরি হয় তীব্র প্রশাসনিক ও রাজনৈতিক অচলাবস্থা। এমন নজিরবিহীন ঘটনায় স্তব্ধ পুরসভার কাউন্সিলররা। নির্ধারিত মাসিক অধিবেশনের দিন সকালে পুরসভার মূল সভাকক্ষের দরজায় তালা ঝুলতে দেখে কার্যত হতবাক হয়ে যান তাঁরা। শেষ পর্যন্ত চেয়ারপারসন মালা রায়ের ডাকে বাধ্য হয়ে বিকল্প ঘরে অধিবেশন করতে হয় তৃণমূল পরিচালিত বোর্ডকে।
কী ঘটেছিল ?
নিয়ম মেনে নির্ধারিত সময়েই পুরসভায় (Kolkata Municipal Corporation) পৌঁছেছিলেন কাউন্সিলররা। মাসিক অধিবেশন হওয়ার কথা ছিল মূল সভাকক্ষেই। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় দরজা বন্ধ। কাউন্সিলরদের অভিযোগ, অধিবেশন শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সভাকক্ষ খোলার অনুরোধ জানানো হলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও তা খোলা হয়নি।
পরিস্থিতি জটিল হয়ে ওঠায় শেষ পর্যন্ত পুরসভার কাউন্সিলরস ক্লাব ঘরকেই অস্থায়ী সভাকক্ষে পরিণত করা হয়। তবে সেই ঘর কোনওভাবেই আনুষ্ঠানিক অধিবেশনের উপযুক্ত ছিল না। সেখানে স্থায়ী আসন ব্যবস্থা বা মাইক্রোফোনের ব্যবস্থাও ছিল না। কাউন্সিলররাই চেয়ার-টেবিল সরিয়ে বসার ব্যবস্থা করেন। এই পরিস্থিতির মধ্যেই শুরু হয় অধিবেশন।
কেনো হঠাৎ জটিলতা তৈরি হলো ?
পুরসভার (Kolkata Municipal Corporation) একাধিক প্রবীণ কাউন্সিলরের দাবি, কলকাতা পুরসভার দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। সেই কারণেই এই ঘটনাকে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক প্রশাসনিক টানাপোড়েনের আবহে এই ঘটনা ঘটেছে বলে ধারণা রাজনৈতিক মহলের।
এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুরসভার প্রশাসনিক শীর্ষস্তরে সংঘাত আরও স্পষ্ট হয়েছে। পুরকমিশনার এবং তৃণমূল পরিচালিত বোর্ডের মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিক বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। এমনকি মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস পাঠানো হলেও পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বিষয়টি নিয়ে অবগত ছিলেন না। এর মাধ্যমে পুর প্রশাসনের অভ্যন্তরের সংঘাত স্পষ্ট। শুক্রবারের অধিবেশন বাতিল সেই সংঘাতকেই প্রকাশ্যে নিয়ে এল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।


