32.8 C
Kolkata
Wednesday, October 7, 2026
spot_img

নন্দীগ্রাম-রেজিনগরে জয় নিয়ে বড় দাবি শুভেন্দুর! কি বললেন তিনি?

Aaj India Desk, কলকাতা: নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগর উপনির্বাচনেও (By-election) বিজেপি জয়ী হবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর তিনি দাবি করেন, দুই কেন্দ্রেই বিজেপির ফল ভালো হবে। শুধু জয় নয়, রেজিনগরে বিজেপি কত ভোট পেতে পারে, তার সম্ভাব্য হিসাবও দিয়েছেন তিনি।

শুভেন্দুর দাবি, রেজিনগরে বিজেপি (BJP) প্রার্থী শাখরভ সরকার ১ লক্ষ ২০ হাজারের বেশি ভোট পেতে পারেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি ৬৪ হাজারের কিছু বেশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিল। সেই জায়গা থেকে এবার দলের ভোট অনেকটাই বাড়বে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

নন্দীগ্রাম নিয়েও আত্মবিশ্বাসী শুভেন্দু। নিজের গড়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথকে বড় ব্যবধানে জেতানোই তাঁর লক্ষ্য বলে আগেই জানিয়েছিলেন তিনি। ভোট শেষ হওয়ার পরও সেই দাবি থেকে সরেননি। তাঁর বক্তব্য, গতবার নন্দীগ্রামে তিনি যে ব্যবধানে জিতেছিলেন, এবার বিজেপির জয়ের ব্যবধান তার তুলনায় অন্তত ৫ থেকে ৬ গুণ বেশি হতে পারে।

মঙ্গলবার দুই কেন্দ্রে মিলিয়ে প্রায় ৮১ শতাংশ ভোট পড়েছে। এই ভোটের হারকেও রাজ্য সরকারের প্রতি মানুষের সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী। রেজিনগরে সংখ্যালঘু ভোট নিয়ে নিজের আশার কথাও জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘পাঁচ মাসের সরকার হয়েছে ভোটাররা সরকারের সঙ্গে থাকতে চায়। ৮১ শতাংশের বেশি ভোট পড়েছে। যা উপনির্বাচনে রেকর্ড। অন্নপূর্ণা প্রাপকদের মধ্যে ২৪ লক্ষ মুসলিম মহিলা আছে। আমার বিশ্বাস মহিলারা বিজেপিকে ভোট দিয়েছে এই সুবিধা পাওয়ার জন্য। মুসলিমদের মধ্যে এই ভাবনা কাজ করেছে যে এই সরকার উন্নয়নের ক্ষেত্রে ভেদাভেদ করে না। রেজিনগরে আমাদের প্রার্থী ১ লক্ষ ২০ হাজারের বেশি ভোট পাবেন। রেজিনগরে আমরা জিতব, নন্দীগ্রামে ব্যবধান বাড়বে।’

মহিলাদের পাশাপাশি সংখ্যালঘু যুবকদের ভোটও বিজেপির দিকে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে বয়স্ক সংখ্যালঘু ভোটারদের নিয়ে তাঁর বক্তব্য ভিন্ন। শুভেন্দু বলেন, ‘সংখ্যালঘু মহিলা এবং যুবকরা আমাদের ভোট দিয়েছে। সংখ্যালঘু বয়স্কদের ভোট আমরা পাইনি। ওঁরা হুমায়ুন বাবুর ছেলেকে ভোট দিয়েছেন। সিপিএম কোথাও ছিল না। বামেদের কোনও অস্তিত্ব ছিল না দুটো জায়গাতে।’

রেজিনগরে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিকেই দেখছেন শুভেন্দু। অন্যদিকে, নন্দীগ্রামেও বিজেপির জয়ের বিষয়ে তিনি নিশ্চিত বলে দাবি করেছেন। আগামী শুক্রবার, ৯ অক্টোবর দুই কেন্দ্রের ফল প্রকাশ হবে। শুভেন্দুর দাবি সত্যি হলে নন্দীগ্রাম ও রেজিনগর—দুই আসনেই বিজেপির জয় হবে। সেক্ষেত্রে বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ২০৭ থেকে বেড়ে ২০৯ হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন