Aaj India desk, কলকাতা: ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB)প্রকাশিত রিপোর্ট বলছে কলকাতা হল দেশের নিরাপদতম শহর। সেই ধারা বজায় রাখাতে নতুন প্রস্তাব আনল কলকাতা পুরসভা(KMC)। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে কলকাতা শহরকে আরও নিরাপদ করা যায় সেই বিষয়ে প্রস্তাব রেখেছেন ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায়।
কি প্রস্তাব দেওয়া হয়েছে?
১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় বলেন,”পুরসভা (KMC)জল সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা ও রাস্তা রক্ষণাবেক্ষণের মতো নাগরিক পরিষেবায় দক্ষতার সঙ্গে কাজ করলেও বর্তমান সময়ে নাগরিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করা জরুরি।’’ মূলত গোটা শহর জুড়ে সিসিটিভি বসানোর কথা বলেছেন তিনি। প্রতিটি ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেমন- চৌমাথা,বাজার এলাকা, স্কুল-কলেজের আশপাশ, পার্ক ও জনবহুল রাস্তায় উচ্চমানের সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব দেন রূপক।
তাঁর প্রস্তাবগুলি:
• প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গায় ক্যামেরা বসিয়ে স্থানীয় পুলিশ ও পুরসভার(KMC) মধ্যে তথ্য আদানপ্রদানের একটি সমন্বয় ব্যবস্থা গড়ে তুলতে হবে।
• প্রতিটি ওয়ার্ডে এ কাজের জন্য নির্দিষ্ট বাজেট বরাদ্দ করতে হবে।
• সরকারি অনুদান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
রূপকের মতে এর ফলে কলকাতা একটি স্মার্ট ও নিরাপদ শহর হিসাবে গড়ে উঠবে।
প্রসঙ্গত উল্লেখ্য,কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সিসিটিভি বসানো হয়েছে, ফলে যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার তদন্তে সুবিধা হয়েছে। কলকাতা পুরসভার (KMC) মতে সেই উদ্যোগ আরও বিস্তৃত করা যাবে নতুন ব্যবস্থায়। এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে তৃণমূল কাউন্সিলরদের একাংশ। তাঁদের মতে, ‘‘যে কোনও আধুনিক ও প্রযুক্তিগত ভাবে উন্নত শহরে নিরাপত্তার জন্য সিসিটিভি এখন বাধ্যতামূলক বিষয়। তাই আমাদের সতীর্থ রূপক পুর অধিবেশনে যে প্রস্তাব দিয়েছে, তা আমরা পুরোপুরি সমর্থন করছি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেয়র ফিরহাদ হাকিম।”
কলকাতা নিরাপদতম শর হলেও ভবিষ্যতে শহরকে আরও নিরাপদ বানানোই লক্ষ্য পুরসভার(KMC)। নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এবার থেকে সুরক্ষা আর একটু জোরদার হবে। অপরাধ হলে আরও সহজে অপরাধীকে ধরা যাবে।


