Aaj India Desk, কলকাতা: কেউ তাঁকে বলছেন ‘দাবাং’, কেউ আবার তুলনা করছেন ‘সিংহম’-এর সঙ্গে। ভোটের আগে ফলতা ও ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় যেভাবে আইপিএস (IPS) অফিসার অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)-কে টহল দিতে দেখা যাচ্ছে, তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। পুলিশের এই বিশেষ পর্যবেক্ষককে ঘিরে নানা মন্তব্য শোনা যাচ্ছে। এর মধ্যেই কলকাতা হাইকোর্টে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কী অভিযোগ উঠেছে?
সোমবার ফলতার তৃণমূল নেতা ও প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে অজয় পাল শর্মাকে কড়া বার্তা দিতে দেখা যায় বলে অভিযোগ। জাহাঙ্গীর যেন ভোটারদের ভয়ভীতি না দেখান, সেই বিষয়ে তাঁর পরিবারের সদস্যদেরও সতর্ক করা হয় বলে জানা যায়। সেই ঘটনার ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে। পরে জাহাঙ্গীর খান জানান, তিনি ভয় পাওয়ার মানুষ নন।
এরপর মঙ্গলবার বিষয়টি কলকাতা হাইকোর্টে ওঠে। আদালতে অভিযোগ করা হয়, অজয় পাল শর্মা ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন। তাঁকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত রাখার আবেদন জানিয়ে মামলা দায়ের করা হয়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে।
মামলায় তাৎক্ষণিক স্বস্তি অজয়ের
শেষ পর্যন্ত এদিন মামলায় বিশেষ অগ্রগতি হয়নি। আদালত জানিয়ে দেয়, আগামী ২৯ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী দায়িত্বে থাকা কোনও আধিকারিকের কাজে হস্তক্ষেপ করা হবে না। পাশাপাশি, মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এদিন বিস্তারিত শুনানিও হয়নি।


