নয়াদিল্লি: আপে বাড়ছে চাপ। যাবতীয় জল্পনা সত্যি করে ৬ জন সাংসদের বাহিনী নিয়ে আপ ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। যে ৬ জন সাংসদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)। এই ঘটনাকে ‘বিজেপির অপারেশন লোটাস’ শুরু হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেছে আম আদমি পার্টি।
রাঘব চাড্ডা নিজ মুখে হরভজনের নাম ঘোষণা করলেও এখনও পর্যন্ত দল ছাড়ার বিষয়ে মুখ খোলেননি ভারতের প্রাক্তন অফস্পিনার। এরই মধ্যে হরভজনের নিরাপত্তা প্রত্যাহার করে নিল পাঞ্জাবের ভগবন্ত মানের সরকার। হরভজন সিংয়ের ব্যক্তিগত সহকারী মনদীপ সিং জানিয়েছেন, পঞ্জাব সরকার আকস্মিকভাবে তাঁর সম্পূর্ণ পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করেছে। জানা গিয়েছে, হরভজন সিংয়ের (Harbhajan Singh) বাড়ির বাইরে মোতায়েন থাকা প্রায় ৯–১০ জন নিরাপত্তাকর্মী সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁকে দেওয়া সরকারি পাইলট গাড়িটিও ফিরিয়ে নেওয়া হয়েছে।
হরভজনের বাড়ির দেওয়ালে ‘গদ্দার’ গ্রাফিতি
প্রসঙ্গত, রাজ্যসভার ১০ জন সাংসদের মধ্যে হরভজন সিং (Harbhajan Singh), স্বাতী মালিওয়াল সহ মত ৭ জন দল ছাড়ছেন এবং বিজেপির সঙ্গে যোগাযোগে আছেন, বলে উল্লেখ করেছিলেন রাঘব চাড্ডা। এই ঘটনার পর শনিবার হরভজন সিং-এর জলন্ধরের বাড়ির বাইরে তুমুল বিক্ষোভ দেখান আপের কর্মী সমর্থকরা। তাঁর বাড়ির বাইরের দেওয়ালকে ‘গদ্দার’ (বিশ্বাসঘাতক) গ্রাফিতি লিখে দেওয়া হয়। শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও দলত্যাগী সাংসদদের ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই নেতারা শুধু দলের সঙ্গেই নয়, পঞ্জাবের জনগণের আস্থার সঙ্গেও বিশ্বাসভঙ্গ করেছেন।
ভগবন্ত মান আরও অভিযোগ করেন, পঞ্জাব ও পাঞ্জাবিদের স্বার্থ নিয়ে বিজেপির অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, রাজ্যের মানুষের স্বার্থে নেওয়া যেকোনো উদ্যোগে বিজেপি বাধা সৃষ্টি করার চেষ্টা করে। তিনি আরও বলেন, আম আদমি পার্টি কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এবং কয়েকজনের দলত্যাগে দল বা পঞ্জাবের রাজনীতিতে কোনো বড় প্রভাব পড়বে না।


