নয়াদিল্লি: আলো-ছায়ার অসংখ্য গল্প যাঁর ক্যামেরায় ধরা পড়েছিল, সেই কিংবদন্তি চিত্রসাংবাদিক রঘু রাই (Raghu Rai), আজ না ফেরার দেশে। চিরতরে থেমে গেল তাঁর ক্যামেরার শাটার, স্তব্ধ হল এক যুগের সাক্ষী থাকা লেন্স, রয়ে গেল শুধু সময়কে থামিয়ে রাখা অগণিত ফ্রেম। রবিবার সকালে ৮৩ বছর বয়সে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘পদ্মশ্রী’ সম্মানপ্রাপ্ত চিত্রসাংবাদিক (Raghu Rai)।
তাঁর পুত্র নীতিন জানিয়েছেন যে, তাঁর বাবা ক্যানসার এবং বার্ধক্যজনিত জটিলতার সঙ্গে লড়াই করছিলেন। সংবাদমাধ্যমকে পেশায় চিত্রশিল্পী নীতিন জানান, “দু-বছর আগে বাবার প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছিল, তবে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। এরপর ক্যানসার পাকস্থলীতে ছড়িয়ে পড়েছিল, সেটাও নিরাময় হয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁর মস্তিষ্কে ছড়িয়ে পড়ে ক্যানসার এবং এর পাশাপাশি বার্ধক্যজনিত নানা সমস্যাও দেখা দিয়েছিল”।
কিংবদন্তী চিত্রসাংবাদিক রঘু রাইয়ের (Raghu Rai) ক্যামেরায় ধরা পড়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, দালাই লামা, শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। তাঁদের অসাধারন সব ছবি ফ্রেমবন্দী করার জন্য সুপরিচিত হয়ে উঠেছিলেন রঘু রাই। রাজনৈতিক পরিমণ্ডলের বাইরেও, চিত্রসাংবাদিকতা তাঁকে দালাই লামা ও মাদার টেরেসার মতো আধ্যাত্মিক নেতাদের সান্নিধ্যে নিয়ে গিয়েছিল। জানা গিয়েছে, রবিবার বিকেল ৪ টেয় দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর (Raghu Rai) শেষকৃত্য সম্পন্ন হবে।


