Aaj India Desk, পশ্চিম বর্ধমান: আজ বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (Assembly Election)-এর প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। উত্তরবঙ্গ (North Bengal) থেকে জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর-রাজ্যের মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটপর্ব। সকাল সকাল বহু বুথেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব।
তবে ভোটের শুরুতেই দুর্গাপুরে ইভিএম (EVM) বিভ্রাট ঘিরে চাঞ্চল্য ছড়াল। দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে তৈরি মডেল পোলিং বুথে ইভিএমে ব্যাটারি না থাকায় নির্ধারিত সময়ে মকপোল শুরু করা যায়নি। অভিযোগ, ২৭৭ নম্বর দুর্গাপুর পশ্চিম বিধানসভার ১৬৫ নম্বর বুথে এই সমস্যার জেরে ভোটকর্মীরা কিছু সময় সমস্যায় পড়েন। পরে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা শুরু হয়।
রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট শুরু হলেও কোথাও কোথাও প্রযুক্তিগত সমস্যার খবর সামনে আসছে। নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে দুর্গাপুরের এই ঘটনাও। ভোট শুরুর মুখে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে ভোটারদের মধ্যে।
এদিন যেসব জেলায় ভোট চলছে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা, পাশাপাশি জঙ্গলমহল এলাকা, পূর্ব মেদিনীপুরের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম, পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল, মুর্শিদাবাদ ও বীরভূমের একাধিক আসনও। সব মিলিয়ে প্রথম দফাতেই জমে উঠেছে বাংলার ভোটযুদ্ধ।
সকাল থেকেই বুথমুখী হয়েছেন সাধারণ মানুষ। মহিলা, প্রবীণ ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় ভোটপর্ব শান্তিপূর্ণ রাখার চেষ্টা চলছে।


