Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের Assembly Election) প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকেই। আজ রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি বিধানসভা আসনে ভোট চলছে। উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে শুরু করে জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর-সর্বত্রই সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীও। শান্তিপূর্ণ ভোট করাতে এবার বিশেষ নিয়মও চালু করেছে নির্বাচন কমিশন (ECI)। বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র ভোটাররাই থাকতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি নজর রয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্রের দিকে। রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী পবিত্র কর। সকাল থেকেই নন্দীগ্রামে ভোটকে কেন্দ্র করে উৎসাহ চোখে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
সকাল সাড়ে ৭টা নাগাদ নন্দনায়কবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে পৌঁছন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে বুথে প্রবেশ করেন তিনি। ভোটদান শেষে হাসিমুখে বুথ থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, তিনি জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। ভোটারদের সমর্থন তাঁর সঙ্গেই রয়েছে বলেও দাবি করেন তিনি।
রাজ্যের প্রথম দফার ভোটে বহু আসনেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সরাসরি লড়াই হলেও কিছু জায়গায় কংগ্রেসও শক্ত অবস্থানে রয়েছে। ফলে একাধিক কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ছবি দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের নজরে রয়েছে স্পর্শকাতর বুথগুলি। নিরাপত্তার বলয়েই চলছে ভোটগ্রহণ।
এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বহু জায়গায় মহিলা ও প্রবীণ ভোটারদেরও লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। সব মিলিয়ে ভোটবঙ্গে আজ মহারণের প্রথম পর্বে গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন লাখো মানুষ।


