কলকাতা: মাঝে বাকি আর মাত্র একটা দিন। তারপরেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হবে পশ্চিমবঙ্গ। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট (West Bengal Assembly Election 2026)। ১৫২ টি আসনের ভোটার ওইদিন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করবেন। আমজনতা বলছেন, প্রতিবারের থেকে এইবারের ভোট আলাদা। ভোট না দিলে নাম কাটা যাওয়ার ভয়ে প্রবাসী হোক বা পরিযায়ী শ্রমিক, যে যেভাবে পারছেন ঘরে ফিরছেন।
তবে ভোটের ঠিক আগে ভোটার কার্ড (Voter ID card) হারিয়ে ফেলেছেন? চিন্তায় রাতের ঘুম উড়ছে? আপনি একা নন, অনেকেই এমন সমস্যায় পড়েন। আবার অনেকেই ভাবছেন, এই বারের নির্বাচনে ভোটার স্লিপ এবং ভোটার কার্ড (Voter ID card) ছাড়া ভোট দেওয়া যাবে না। তবে দুশ্চিন্তার কিছু নেই। ভোট দেওয়ার জন্য ভোটার কার্ডই যে একমাত্র পরিচয়পত্র, এটা সম্পূর্ণ ভুল ধারণা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু বিকল্প পরিচয়পত্র দেখিয়েও আপনি সহজেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তাহলে জেনে নিন, ভোটার কার্ড (Voter ID card) না থাকলেও কীভাবে নিশ্চিন্তে ভোট দেবেন।
ভোটার কার্ড খুঁজে না পেলে কি করবেন?
ভোটার কার্ড (Voter Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। তাই এটি হারিয়ে গেলে দেরি না করে দ্রুত ব্যবস্থা নিন। প্রয়োজনে নতুন করে আবেদন করুন, যাতে ভবিষ্যতে কোনও সমস্যায় পড়তে না হয় এবং নিশ্চিন্তে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তবে জানেন কি, এখন ভোটার কার্ড হারিয়ে গেলে আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in/- এ। এখান থেকে আপনি নিজের ই-ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তার জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘ডাউনলোড ই-ইপিক’ অপশন বেছে নিলেই মিলবে ডিজিটাল কপি।
ভোটার কার্ড ছাড়া আর কোন কোন ডকুমেন্ট দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন?
অনেকেই এমন রয়েছেন, যারা হন্যে হয়ে সাড়া বাড়ি তন্নতন্ন করে খুঁজেও ভোটার কার্ড (Voter ID card) পাচ্ছেন না। বা কেউ মানিব্যাগে রেখেছিলেন, চুরি হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে কোন কোন ডকুমেন্ট থাকলে আপনি ভোট দিতে পারবেন?
- প্যান কার্ড
- পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- আধার কার্ড
- কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া যে কোনও বৈধ ফটো আইডি কার্ড
তাই শেষ মুহূর্তে ভোটার কার্ড (Voter ID card) খুঁজে না পেলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। শুধু নিশ্চিত করুন, আপনার কাছে এই স্বীকৃত পরিচয়পত্রগুলোর অন্তত একটি আছে, তাহলেই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।


