26 C
Kolkata
Wednesday, November 18, 2026
spot_img

‘আমাকে আটকানোর ক্ষমতা কারও নেই!’ ঋতব্রতের চণ্ডীপাঠের ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা হুঙ্কার কল্যাণের!

Aaj India Desk, কলকাতা : জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে শ্রীরামপুরে প্রকাশ্যে এল তৃণমূলের দুই শিবিরের সংঘাত। মঙ্গলবার অষ্টমীতে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠের ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার নবমীতে পাল্টা চণ্ডীপাঠ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শুধু ধর্মীয় আচার নয়, দুই নেতার এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ঋতব্রত ও তাঁর শিবিরকে নিশানা করে কল্যাণের স্পষ্ট বার্তা, শ্রীরামপুরের মানুষ তাঁর পাশে থাকলে তাঁকে আটকানোর ক্ষমতা কারও নেই।

কল্যাণের পাড়ায় ঋতব্রতের চণ্ডীপাঠ

মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমীতে শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বাড়ির সামনের একটি পুজো মণ্ডপে চণ্ডীপাঠ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক তৃণমূলের হুগলি জেলা সভাপতি সন্তোষ সিং ওরফে পাপ্পুর উদ্যোগে আয়োজিত ওই পুজোয় অংশ নেন তিনি। একসময় কল্যাণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্তোষ সম্প্রতি কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রতর শিবিরে যোগ দিয়েছেন। ফলে একই পাড়ায় ঋতব্রতের এই কর্মসূচি রাজনৈতিক উত্তেজনা তৈরি করে।

২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা চণ্ডীপাঠ

বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে শ্রীরামপুরের অন্য একটি পুজো মণ্ডপে হাজির হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সেখানেই চণ্ডীপাঠ করেন তিনি। পরে ঋতব্রত ও তাঁর নতুন রাজনৈতিক শিবিরকে আক্রমণ করে কল্যাণ বলেন, ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছেন, ঋতব্রত যেন বিশ্বাসঘাতক থেকে একজন ভালো মানুষ হয়ে ওঠেন। নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও আত্মবিশ্বাসী কল্যাণের বক্তব্য, শ্রীরামপুরের সাধারণ মানুষ যতদিন তাঁর পাশে থাকবেন, ততদিন তাঁকে আটকানোর ক্ষমতা বাইরের বা দলের ভিতরের কারও নেই।

ইডি-সিবিআই নিয়ে পাল্টা আক্রমণ

মঙ্গলবার কোন্নগরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বাড়ির পুজোয় ঋতব্রতের সঙ্গে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, আখরুজ্জামান-সহ একাধিক তৃণমূল নেতা। সেখানেই রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তাঁর প্রশ্ন, কেন ইডি বা সিবিআই কল্যাণকে জিজ্ঞাসাবাদ করছে না? কল্যাণ, তাঁর পরিবারের সদস্য এবং জামাইয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও তোলেন তিনি।

বুধবার সেই অভিযোগেরও জবাব দিয়েছেন কল্যাণ। তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তাঁকে ধরে দেখানো হোক। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, গত ১৪ বছর ধরে সিবিআই ও ইডি ব্যবহার করেও তাঁর কোনও ক্ষতি করতে পারেনি কেন্দ্র। পাশাপাশি আখরুজ্জামানকেও কটাক্ষ করেন তিনি।

সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোর আবহে শ্রীরামপুরে তৃণমূলের দুই শিবিরের রাজনৈতিক দূরত্ব আরও একবার প্রকাশ্যে এল। অষ্টমীতে ঋতব্রতের চণ্ডীপাঠ, নবমীতে কল্যাণের পাল্টা কর্মসূচি এবং দুই পক্ষের পরস্পরবিরোধী আক্রমণ—সব মিলিয়ে পুজোর মণ্ডপও হয়ে উঠল রাজনৈতিক সংঘাতের কেন্দ্র।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন