Aaj lndia Desk,পশ্চিম মেদিনীপুর: ২০২৩ সালে নবান্ন আলু বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে চলতি মরশুমে আলুর উৎপাদন হয়েছে বিপুল। অথচ এই সমৃদ্ধ ফসলের মধ্যে চাষিদের মুখে হাসি নেই। কারণ, অতিরিক্ত আলু সঠিকভাবে সংরক্ষণ না হলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, আর লোকসান পড়বে পুরোপুরি চাষিদেরই।কৃষকরা অভিযোগ করছেন, ” শুধুই নীতির কথা বাস্তব ব্যবস্থা সম্পূর্ণ শূন্য। কেবল আশ্বাস আর প্রচারমঞ্চের বক্তব্য দিয়ে আমাদের ক্ষতি আটকানো সম্ভব নয়।” তারা আরও যোগ করেছেন, বাজার সংযোগ ও রক্ষণাবেক্ষণের অভাবই মূল সমস্যা।বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নীতি শুধু কথার স্তরে সীমাবদ্ধ, মাঠে কার্যকর পদক্ষেপ না থাকায় চাষিরা ঝুঁকির মুখে পড়ছেন। আলু বিক্রির সুযোগ থাকলেও বাস্তবে কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় চাষিরা প্রতিনিয়ত উদ্বিগ্ন।
এই পরিস্থিতিতে মঙ্গলবার চন্দ্রকোণার প্রচার মঞ্চে আবারও চাষিদের আশ্বাস দিতে দেখা গেল মমত বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)-কে। তিনি জানান, যারা চাষি চান, তারা তাদের আলু বাইরে বাজারে বিক্রি করতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অবশ্য চাষিদের জন্য আশ্বাসের মতো শোনালেও, বাস্তব ব্যবস্থা ছাড়া এটি অনেকটা প্রতিশ্রুতির আওয়াজে সীমাবদ্ধ মনে হচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)চাষিদের উদ্দেশে বলেন,”আলুচাষিরা চিন্তা করবেন না। শস্যবিমা আছে, আলু নষ্ট হলে সরকার ক্ষতিপূরণ দেবে। আমরা ইতিমধ্যেই ৩০ শতাংশ কোল্ড স্টোরেজ তৈরি করেছি, যেখানে আলু সংগ্রহ করে আইসিডিএস ও মিডডে মিলের জন্য ব্যবহার করা হবে। যে চাষি চাইবেন, তারা আলু বাইরের বাজারেও বিক্রি করতে পারবেন এতে কোনও বাধা নেই।”
তবে তিনি একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন। মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “কিছু বিজেপি নেতা চক্রান্ত করছে, আমি তাদের নাম জানি। তাদের বলব আপনারা অন্যান্য ব্যবসা করুন, গরিবের পেটে আঘাত দেবেন না, আলু নিয়ে রাজনীতি করবেন না। আমি রাজনীতি করতে দেব না, আর আলুর ক্ষতিপূরণ নিশ্চিত করব।”চাষিরা বলছেন, মুখে আশ্বাস যতই দেওয়া হোক, বাস্তব ব্যবস্থা না থাকলে এই প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, সেটাই এখন বড় প্রশ্ন। রাজনৈতিক ভাষণ এবং মাঠের বাস্তবতা মাঝে মাঝেই বিপর্যয় তৈরি করতে পারে।
তবে ভোটের আগে এই “টোপ” কতটা কাজে লাগবে, তা সময়ই দেখাবে। প্রশ্ন কিন্তু অপরিবর্তিত থেকে যাচ্ছে আগামী দিনে কি চাষিদের প্রকৃত লাভের হিসাব দেখা যাবে ? নাকি সবই থাকল কেবল নির্বাচনী প্রতিশ্রুতি আর কাগজে আঁকা আশ্বাসের মধ্যে?


