23.5 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

সরকারি খাতায় মৃত, বাস্তবে জীবিত, বীরভূমে সামনে এল চাঞ্চল্যকর ভুল

Aaj lndia Desk , বীরভূম: বেঁচে আছেন তিনি, প্রতিদিন ছেলেকে নিয়ে সংসারও চালাচ্ছেন। কিন্তু সরকারি নথি বলছে তিনি নাকি মৃত! অবিশ্বাস্য হলেও এমনই এক ঘটনার মুখোমুখি হলেন বীরভূমের এক মহিলা। ঘটনাটি বীরভূম (Birbhum) জেলার মহম্মদ বাজার ব্লকের জয়পুর এলাকার। সেখানকার বাসিন্দা মনু বাগদি এতদিন লক্ষ্মীর ভাণ্ডার (Lokkhir Bhandar), রেশন-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতেন। কিন্তু হঠাৎ করেই একদিন বন্ধ হয়ে যায় সেই সমস্ত সুবিধা।

কেন এমন হল, তা বুঝতে না পেরে তিনি দপ্তরের দ্বারস্থ হন। সেখানেই সামনে আসে চমকে দেওয়া তথ্য। তাঁকে জানানো হয় সরকারি রেকর্ড অনুযায়ী তিনি নাকি মৃত! এই কথা শুনে কার্যত হতবাক হয়ে যান মনু বাগদি এবং উপস্থিত সরকারি কর্মীরাও। এরপর শুরু হয় খোঁজখবর। ধীরে ধীরে সামনে আসে আসল কারণ। জানা যায়, গত বছর ৫ মে মৃত্যু হয়েছিল তাঁর স্বামী দয়াময় বাগদির।

কিন্তু সেই মৃত্যুর নথিতেই ঘটে যায় বড়সড় ভুল। অভিযোগ, স্বামীর ডেথ সার্টিফিকেটে (Death Certificate) ভুলবশত বসানো হয় মনু বাগদির আধার কার্ডের নম্বর। আর সেই একটি ভুলের জেরেই সরকারি নথিতে মৃত হিসেবে দেখানো হয় মনুকেই। ফলত বন্ধ হয়ে যায় তাঁর লক্ষ্মীর ভাণ্ডার (Lokkhir Bhandar), রেশন-সহ একাধিক সরকারি সুবিধা।এই অবস্থায় একমাত্র ছেলেকে নিয়ে সংসার চালাতে চরম সমস্যায় পড়েছেন তিনি।

সমস্যার সমাধানের আশায় মহম্মদ বাজার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মনু বাগদি। আপাতত তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মহম্মদ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবাসিনী মুর্মু জানিয়েছেন, ভুলবশত এই ঘটনা ঘটেছে এবং বিষয়টি বিডিওকে জানানো হয়েছে। দ্রুত সংশোধনের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

তবে প্রশ্ন উঠছে একটি মাত্র নথির ভুলে যদি জীবিত মানুষকেই ‘মৃত’ ঘোষণা করা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? আর কবে ঠিক হবে সেই ভুল, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন