কলকাতা: ফের আমজনতার সমস্যাকে হাতিয়ার করে ভোটের ময়দানে রাজনীতির অস্ত্রে শাণ দিতে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর-এর রেশ না কাটতেই দেশে ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের তাপ ভারতের জ্বালানি বাজারে (Fuel Crisis)! রাজ্যের বিভিন্ন জেলায় গ্যাস ডিলারের দোকানে, পেট্রোল পাম্পে আমজনতার ভিড়, আতঙ্ক স্পষ্ট। সমগ্র দেশের ছবিটাও কার্যত প্রায় এক। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সংকটে ত্রাহি ত্রাহি রব ভারত সহ, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কার পাশাপাশি ইউরোপীয় দেশগুলিতেও স্পষ্ট।
এই আবহেও পীযূষ গোয়েল দাবী করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জ্বালানি নিয়ে আমজনতার আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে, জ্বালানি সংকটকে (Fuel Crisis) হাতিয়ার করে বিরোধীরা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলেও তোপ দাগছে কেন্দ্রের বিজেপি সরকার। এসবের মাঝে কেন্দ্র সরকারের নীতিকে দায়ী করে রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কলকাতার রাজপথে মিছিল করতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও, মিছিলের রুট এখনও নির্দিষ্ট হয়নি বলেই জানা গিয়েছে।
ধর্নামঞ্চ থেকেই জ্বালানি সংকট নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা
প্রসঙ্গত, এসআইআর-এ নাম ডিলিট ও বিবেচনাধীন-এর বিরুদ্ধে ধর্মতলার পাঁচদিন-ব্যাপী ধর্না করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ধর্নামঞ্চ থেকেই কেন্দ্র সরকারের নীতিকে দুষে জ্বালানি সংকট নিয়ে তুলোধোনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে আরও একবার আমজনতার সমস্যাকে সামনে রেখে ভোটের ময়দানে তৃণমূলের অবস্থান জোড়াল করতে চলেছেন তিনি।
এসআইআর-এর আতঙ্কে মৃত্যু, ধর্নামঞ্চ থেকেই যুবসাথীর টাকা ঢুকে যাওয়ার ঘোষণার পর জ্বালানি সংকট (Fuel Crisis) নিয়ে ময়দানে নেমে আমজনতার আশ্বাস আরও দৃঢ় করতে চলেছে রাজ্যের শাসকদল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে যে পরিমাণ জ্বালানি হ্যাস মজুত আছে তা বাইরের রাজ্যে পাঠাবেন না। সংকট কাটাতে এসওপি তৈরির কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


