Aaj India Desk, জলপাইগুড়ি : বোতলবন্দি জল মানেই কি বিশুদ্ধ পানীয়? দেশের অন্যতম পরিচিত জল প্রস্তুতকারী সংস্থা বিসলেরির (Bisleri) জল নিয়ে ফের উঠল গুরুতর প্রশ্ন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির একটি কারখানা থেকে সংগৃহীত জলের নমুনায় মিলেছে কলিফর্ম ব্যাকটেরিয়া। প্রাথমিক পরীক্ষাগার এবং রেফারেল ল্যাবরেটরি, দুই জায়গাতেই ধরা পড়েছে একই ত্রুটি।
জলপাইগুড়ির কারখানায় কী পাওয়া গেল?
সূত্রের খবর, জলপাইগুড়ির তেলিপাড়ায় বিসলেরির (Bisleri) উৎপাদন কেন্দ্র থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনাটি ছিল PB 201 ব্যাচের, যার উৎপাদনের তারিখ ২০ জুলাই, ২০২৬। পরীক্ষায় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ে। শুধু প্রাথমিক পরীক্ষাতেই নয়, পুনরায় পরীক্ষার জন্য পাঠানো রেফারেল ল্যাবরেটরিতেও একই ফলাফল পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট ব্যাচটির বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে FSSAI। পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন, ২০০৬ অনুযায়ী বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন দেওয়া হয়েছে।
কতটা বিপজ্জনক কলিফর্ম ব্যাকটেরিয়া?
কলিফর্ম ব্যাকটেরিয়া সাধারণত জল বা পরিবেশে দূষণের সম্ভাব্য সূচক হিসেবে বিবেচিত হয়। নিকাশি নালার জল পানীয় জলের সঙ্গে মিশে গেলে, পাইপলাইনে ফুটো থাকলে কিংবা জল সরবরাহের পরিকাঠামোয় ত্রুটি দেখা দিলে এই ধরনের ব্যাকটেরিয়া জলে প্রবেশ করতে পারে। জলে কলিফর্মের উপস্থিতি জলদূষণের আশঙ্কা তৈরি করে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ঘটনা প্রথম নয়। এর আগেও গোয়ার উৎপাদন কেন্দ্র থেকে সংগৃহীত বিসলেরির (Bisleri) জলের নমুনা নিয়ে FSSAI-এর সঙ্গে সংস্থার বিরোধ তৈরি হয়েছিল। সেখানে প্রাথমিক পরীক্ষায় নির্ধারিত মাত্রার তুলনায় বেশি ব্রোমেট পাওয়া গিয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থার দাবি ছিল। পরবর্তী পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনস বা PAHs-এর উপস্থিতির কথাও জানায় FSSAI। সেই ঘটনায়ও আইনি পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়।তবে গোয়ার পরীক্ষার ফল নিয়ে বিসলেরি আপত্তি জানিয়েছিল। সংস্থার দাবি, পুনরায় পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল। পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন তুলে সংস্থা আরও ব্যাখ্যাও চেয়েছে।
অন্যদিকে, বোতলবন্দি জলের বাজারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে পরিচিত নাম বিসলেরি। কিন্তু এবার সেই বাজারে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে মুকেশ আম্বানির রিলায়েন্স। ইতিমধ্যেই রিলায়েন্সের ঝুলিতে রয়েছে ‘ইনডিপেনডেন্স’ ব্র্যান্ডের বোতলবন্দি জল। পাশাপাশি ২০২৫ সালের অক্টোবর থেকে দেশজুড়ে বাজারে এসেছে ‘ক্যাম্পা শিওর’। এই অবস্থায় বিসলেরির উপর এমন আঘাত পরোক্ষভাবে বাজার দখলের লড়াই বলেই মনে করছেন সাধারণ মানুষ।


