Aaj India Desk, কলকাতা : তিন মাস পেরিয়ে গিয়েছে। তবুও ফেরেনি স্ত্রী। প্রতিদিনই হয়তো অপেক্ষার প্রহর গুনছেন স্বামী শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। কিন্তু সেই অপেক্ষার মাঝেই নেপাল সরকারের তালিকায় স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়কে ঘোষণা করা হয়েছে মৃত! অথচ কোথায় তাঁর খোঁজ মিলল, কী প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা পরিবারের কাছে। প্রিয়জনের নিখোঁজ হওয়ার যন্ত্রণা, তার উপর জীবিত না মৃত, এই অনিশ্চয়তা। এবার স্ত্রীর মৃত্যুর ঘোষণার ভিত্তি জানতে নেপাল সরকারের দ্বারস্থ হলেন শুভ্রাংশু।
শুভ্রাংশু রায়ের (Subhranshu Roy) দাবি, নেপাল সরকার কীসের ভিত্তিতে নিখোঁজ ৩২ জনকে মৃত ঘোষণার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তা তাঁদের জানানো হয়নি। কোথায় কোথায় তল্লাশি চালানো হয়েছে, কী তথ্য বা প্রমাণ মিলেছে, কিংবা কোনও দেহ বা দেহাংশ উদ্ধার করে শনাক্ত করা হয়েছে কি না, সে সম্পর্কেও পরিবারের কাছে কোনও নথি নেই। তাঁর কথায়, “কীসের ভিত্তিতে তাঁদের মৃত ঘোষণার প্রক্রিয়া এগোচ্ছে? কোথায় তল্লাশি হয়েছে, কী পাওয়া গিয়েছে, তার কোনও নথি আমাদের দেওয়া হয়নি।”
শুভ্রাংশুর (Subhranshu Roy) আরও প্রশ্ন, নিখোঁজদের শেষ অবস্থানের সিসিটিভি ফুটেজ, মোবাইলের টাওয়ার লোকেশন, বাসের নম্বর কিংবা ব্যক্তিগত সামগ্রী উদ্ধারের বিষয়ে কোনও তথ্য কেন পরিবারকে জানানো হচ্ছে না? এই সমস্ত তথ্য চেয়েই নেপাল সরকারকে ইমেল করেছেন তিনি। পাশাপাশি, নিখোঁজদের সন্ধানে ভারত সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও প্রয়োজনীয় তথ্য উদ্ধারের আবেদন জানিয়েছেন শুভ্রাংশু। অন্যদিকে নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি জানানোরও চেষ্টা করবেন বলে জানিয়েছেন শুভ্রাংশু।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী গিরং পোর্ট এলাকায় কৈলাস মানস সরোবর যাত্রার সময় নিখোঁজ হন শর্মিষ্ঠা ভৌমিক রায়-সহ ৩২ জন। পরিবারের কাছে এখনও স্পষ্ট নয়, ঠিক কী ঘটেছিল সেই বিপর্যয়ের দিন। নিখোঁজ প্রিয়জনের ফিরে আসার আশাটুকু আঁকড়ে থাকা পরিবারের কাছে সরকারি তালিকায় ‘মৃত’ শব্দটি যেন আরও এক গভীর আঘাত। শুভ্রাংশুর একটাই দাবি, অনুমানের ভিত্তিতে নয়, যথাযথ তথ্য ও প্রমাণ সামনে রেখেই জানানো হোক শর্মিষ্ঠার পরিণতি। কারণ পরিবারের কাছে এখনও শেষ হয়ে যায়নি অপেক্ষা। এখনও তাঁরা চান, অন্ধকার কাটিয়ে একদিন ফিরে আসুক হারিয়ে যাওয়া মানুষগুলো।


