Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে (Sonarpur) নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যু! মায়ের খুনের মামলায় বাবা ছিলেন প্রধান অভিযুক্ত। আর সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল মেয়ে সায়নী। প্রায় তিন বছর জেলবন্দি থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান বাবা সমীর শিকারি। আর তাঁর মুক্তির কিছুদিনের মধ্যেই বাড়ি থেকে উদ্ধার হল মেয়ে সায়নীর ঝুলন্ত দেহ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত ছাত্রীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। প্রায় তিন বছর আগে খুন হন তার মা মালা শিকারি। ওই ঘটনায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সায়নীর বাবা সমীর শিকারিকে। মায়ের মৃত্যুর পর থেকেই মামাবাড়িতে থাকত সায়নী। সেই মামলাতেই গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল সে। পরিবারের দাবি, সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পর মেয়ের সঙ্গে ফের যোগাযোগ করার চেষ্টা শুরু করেন সমীর। এই বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁদের বক্তব্য, সায়নীর নিরাপত্তার কথা ভেবে মোবাইলের সিম কার্ড বদলে নতুন নম্বর নেওয়ার পরামর্শ দিয়েছিল পুলিশ। সেই মতো নম্বরও পরিবর্তন করা হয়। কিন্তু পরিবারের অভিযোগ, নতুন নম্বরও কোনওভাবে জেনে যান সায়নীর বাবা।
এরপরই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে সায়নীর দাদু ঘরের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সায়নীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তের স্বার্থে তার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। মৃত্যুর আগে কারও সঙ্গে তার যোগাযোগ হয়েছিল কি না, তা জানতে ফোনের কল রেকর্ড-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে, সায়নীর মৃত্যুর পিছনে তার বাবার কোনও ভূমিকা রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মামাবাড়ির সদস্যরা। তাঁদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে সমীর শিকারির ভূমিকা থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও সত্যতা প্রমাণিত হয়নি।
মায়ের খুনের মামলায় সাক্ষী হওয়ার কারণে কি কোনও মানসিক চাপের মধ্যে ছিল সায়নী? জামিনে মুক্তি পাওয়ার পর কেন বারবার মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন তার বাবা? নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ? একাধিক প্রশ্ন উঠছে। আপাতত গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণ সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।


