Aaj India Desk, নয়া দিল্লি : রাশিয়া থেকে বেশি পরিমাণে তেল ও গ্যাস কেনা দেশগুলির পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুক্রবার ‘লিন্ডসে ও. গ্রাহাম রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন, ২০২৬’ বিলে সই করেছেন তিনি। এর ফলে রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে গেলে ভারত ও চিনের মতো দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসাতে পারবেন ট্রাম্প। এখনও ভারতের পণ্যে ১০০ শতাংশ শুল্ক বসানো হয়নি। তবে নতুন আইন সেই শুল্ক বসানোর পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে ট্রাম্পকে।
নজরে ভারত ও চিন
নতুন আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির একটি হল রুশ তেল ও গ্যাসের বড় ক্রেতাদের বিরুদ্ধে শুল্ক আরোপের ক্ষমতা। সেই তালিকায় ভারত ও চিন পড়তে পারে। অর্থাৎ রাশিয়া থেকে জ্বালানি আমদানি অব্যাহত থাকলে ভবিষ্যতে তাদের পণ্যের ওপর মার্কিন শুল্ক বাড়ানোর রাস্তা খোলা থাকল। একই সঙ্গে ব্রাজিল, জাপান এবং ইউরোপের কয়েকটি দেশও সম্ভাব্য প্রভাবের আওতায় আসতে পারে। আইনটি ট্রাম্পকে (Donald Trump) ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে, কিন্তু ভারতীয় পণ্যের ওপর স্বয়ংক্রিয়ভাবে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়নি। কবে, কোন দেশের ক্ষেত্রে এবং কতটা শুল্ক আরোপ করা হবে, তা পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
দিল্লির অবস্থান কী?
মার্কিন হুমকির মধ্যেও ভারত জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহের নীতি বজায় থাকবে। ভারতীয় সরকারের বক্তব্য, তেল আমদানির ক্ষেত্রে সরবরাহের উৎস বৈচিত্র্যপূর্ণ রাখাই তাদের লক্ষ্য। নতুন মার্কিন আইন নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির যোগাযোগও চলছে।
উল্লেখ্য, ট্রাম্পের (Donald Trump) সইয়ের সময়টিও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ফলে রাশিয়ার তেল কেনা দেশগুলির ওপর নতুন মার্কিন চাপের পাশাপাশি ওয়াশিংটন-বেজিং সম্পর্কেও এই আইনের প্রভাব পড়তে পারে। তবে এখন বন্ধু ট্রাম্প ভারতের উপর এই শুল্ক আরোপ করে কিনা আর তা করলেও ভারত কি উত্তর দেয়, সেটাই দেখার।


