Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্প ও কর্মসংস্থানের (Industrial Employment) ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বজবজ শিল্পতালুক-সহ মোট ৩২টি সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা (Cabinet)। আগামী ২৩ সেপ্টেম্বর ক্যাবিনেট বৈঠকের দ্বিতীয়ার্ধে আনুষ্ঠানিকভাবে সংস্থাগুলির হাতে সেই জমি তুলে দেওয়া হবে। এর ফলে বজবজ-সহ রাজ্যের একাধিক এলাকায় নতুন করে শিল্প গড়ে ওঠার পথ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এর পাশাপাশি হলদিয়াতেও আসছে বড় বিনিয়োগ (Investment)। আগামী ১৪ অক্টোবর, মহাষষ্ঠীর দিন প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ করে তৈরি হলদিয়া পেট্রোকেমের নতুন ইউনিটটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। এই ইউনিট চালু হলে তার সঙ্গে যুক্ত ডাউনস্ট্রিম শিল্পেও নতুন বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হবে।
সরকারের এই দুই পদক্ষেপের ফলে রাজ্যে বড় অঙ্কের বিনিয়োগের পাশাপাশি সরাসরি এবং পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। উৎসবের মরশুমেই বাংলার শিল্পক্ষেত্রে একাধিক নতুন প্রকল্পের সূচনা রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে শিল্পমহল।


