27 C
Kolkata
Sunday, September 13, 2026
spot_img

‘রাম থেকে বিয়ার, শ্যাম্পেন থেকে জিন…’ পুজোর মাসেই বাড়ছে মদের দাম! শুরু নতুন দর নির্ধারণের প্রক্রিয়া

Aaj India Desk, কলকাতা: দুর্গাপুজোর আগেই রাজ্যে মদের দাম (Alcohol Price) বাড়তে পারে। আগামী ১ অক্টোবর থেকে দেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি বিদেশি মদের ক্ষেত্রে নতুন মূল্য কাঠামো চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। পুজোর ঠিক আগে এই খবর সামনে আসায় মদপ্রেমীদের পকেটে বাড়তি চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নিজস্ব আয় বাড়ানোর দিকে বিশেষ নজর দিয়েছে নবান্ন (Nabanna)। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আবগারি খাত থেকে আরও বেশি রাজস্ব সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্য পানীয় নিগমের সাম্প্রতিক বৈঠকেও নতুন দাম ও ব্র্যান্ড নথিভুক্তির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

গত ২৫ অগস্ট প্রকাশিত ‘প্রি-বিড’-এর ভিত্তিতে ৩ সেপ্টেম্বর মদ প্রস্তুতকারী ও সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে নিগম। সেখানে জানানো হয়েছে, ইওআই বা ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ গ্রহণের পর ১ অক্টোবর থেকে নতুন দর অনুযায়ী পণ্য নথিভুক্ত করতে হবে। কোনও ব্র্যান্ডের দাম না বাড়লেও সেই ব্র্যান্ডকে নতুন করে অনলাইনে নথিভুক্ত করতে হবে এবং ডিজিটাল সইয়ের প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে। আবগারি নিয়ম মেনে প্রতিটি সংস্থাকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সারা দেশে নির্ধারিত সর্বনিম্ন মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম ঠিক করতে হবে। তবে কোন বোতলের দাম কতটা বাড়বে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

নবান্ন সূত্রের দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম তিন মাসে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় প্রায় ১৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে, আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৮ লক্ষ কোটি টাকার দেনার বোঝা সামলানোও বড় চ্যালেঞ্জ। ফলে উৎসবের মরসুমে আবগারি খাত থেকে আয় বাড়ানোর লক্ষ্যেই এই নতুন মূল্য কাঠামো তৈরি করা হচ্ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

তবে পুজোর সময়ে যাতে মদের জোগানে কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর রাখছে রাজ্য পানীয় নিগম। ইতিমধ্যেই জানানো হয়েছে, দোকানে থাকা পুরনো এমআরপি-র বোতলগুলি লেবেলের বৈধতা শেষ না হওয়া পর্যন্ত বিক্রি করা যাবে। পাশাপাশি, মদ প্রস্তুতকারী সংস্থাগুলিকে বাজারে নিয়মিত সরবরাহ বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাকে কতটা বেশি টাকা খরচ করতে হবে? আপাতত তার কোনও নির্দিষ্ট উত্তর নেই। সংস্থাগুলি চূড়ান্ত দর জমা দেওয়ার পর তা যাচাই করে নতুন মূল্যতালিকা প্রকাশ করবে নিগম। তখনই জানা যাবে, ১ অক্টোবর থেকে কোন মদের বোতলে কত টাকা বাড়ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন